Ajker Patrika

রাশিয়ায় আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

আজকের পত্রিকা ডেস্ক­
রাশিয়ায় আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এসব সেনাকে ‘প্রশিক্ষণের জন্য বাছাই করা হচ্ছে এবং পরবর্তী সময়ে রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট গত আগস্টে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠাতে পারে। একই সঙ্গে তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তবে ওই সহায়তার আওতায় প্রাণঘাতী অস্ত্র রাখা হয়নি।

সোমবার জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গত সপ্তাহে জেলেনস্কির এক বক্তব্যকে কেন্দ্র করে সিউল ও কিয়েভের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সে সময় জেলেনস্কি বলেছিলেন, আটক করা উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করেছে ইউক্রেন।

জেলেনস্কির ওই ঘোষণায় মনঃক্ষুণ্ন হয়েছিল সিউল। দুই দেশের মধ্যে ওই সেনাদের হস্তান্তরের বিষয়টি গোপন রাখার সমঝোতা হয়েছিল বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের কোনো সমঝোতা না হওয়ার দাবিকেও মিথ্যা বলে প্রতিবাদ জানিয়েছিল দক্ষিণ কোরিয়া।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাঁদের বেশির ভাগকে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে রুশ বাহিনীকে সহায়তা করছেন তাঁরা।

ইউক্রেন ও স্বাধীন বিভিন্ন মূল্যায়নের তথ্য অনুযায়ী, পিয়ংইয়ং রাশিয়াকে লাখ লাখ গোলা ও মর্টারের গোলা সরবরাহ করেছে। এর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান ব্যবস্থা এবং একাধিক রকেট উৎক্ষেপণব্যবস্থাও দিয়েছে উত্তর কোরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত