
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিশ্চিত করেছেন, ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী বর্তমানে পাকিস্তানের হেফাজতে। গতকাল শনিবার তিনি বলেছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে যুক্ত ওই ব্যক্তির সঙ্গে হামলার সহায়তাকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, এই মাস্টারমাইন্ডের সঙ্গে ভারতের যোগাযোগ আছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন—হামলার পরপরই খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে হামলার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের আটক করা হয়।
শুক্রবার ইসলামাবাদের এক ইমামবাড়ায় নামাজ চলাকালে ভয়াবহ এই হামলা ঘটে। এতে অন্তত ৩৩ জন শহীদ হন। আহত হন আরও অনেকে। ফেডারেল রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত ওই ইমামবাড়ার প্রবেশপথে হামলাকারী প্রথমে গুলি চালায়। এরপর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
সংবাদ সম্মেলনে মোহসিন নকভি বলেন, তিনি আবারও স্পষ্টভাবে জানাতে চান, ‘এসব সন্ত্রাসী গোষ্ঠীর পুরো অর্থায়ন ভারত থেকে করা হচ্ছে।’ তিনি আরও বলেন, তাদের সব লক্ষ্যও ভারত থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়া কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট বা সিটিডি হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় সিটিডি ও অন্যান্য সংস্থা একসঙ্গে দলগতভাবে কাজ করেছে।
এই অভিযানের সময় খাইবার পাখতুনখাওয়া পুলিশের এক সদস্য নিহত হন। আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কীভাবে তাঁকে এখানে আনা হয়েছে, সে বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। পরিকল্পনা ও প্রশিক্ষণ আফগানিস্তানে সম্পন্ন করা হয়েছিল।
মোহসিন নকভি অভিযোগ করেন, ভারত দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী নেটওয়ার্কে অর্থায়ন করছে। তিনি বলেন, আগে একজন জঙ্গিকে ৫০০ ডলার দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ১ হাজার ৫০০ ডলার করা হয়েছে। তাঁর দাবি, মে মাসে পরাজয়ের মুখে পড়ার পর ভারত তার সন্ত্রাসী বাজেট তিন গুণ বাড়িয়েছে। তবে তিনি বলেন, সন্ত্রাসীরা তাদের বাজেট দশ গুণ বাড়ালেও পাকিস্তান সন্ত্রাসবাদ দমন করবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তানকে সব জঙ্গির ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘শত্রু মানেই শত্রু। পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়ছে, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। বিশ্ব যদি এখনই আওয়াজ না তোলে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।’
তিনি আরও জানান, সন্ত্রাসীরা যেসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে জানানো হয়েছে। যদি তারা ব্যবস্থা না নেয়, তাহলে অন্য বিকল্প পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরএসএস প্রধান বলেন, ‘বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ হিন্দু বসবাস করে। তারা যদি সেখানে থেকে নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বের সব হিন্দু তাদের সাহায্য করবে।’
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস আগামী ১৯ ফেব্রুয়ারি গাজা নিয়ে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে। এক মার্কিন কর্মকর্তা এবং বোর্ডের সদস্য চারটি দেশের কূটনীতিকেরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার উফা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার শিকার হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা। এ ঘটনায় চার ভারতীয় শিক্ষার্থী এবং দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। দেশটির বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
৫ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের ‘অপরিহার্য অধিকার’ এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে, ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না।
৫ ঘণ্টা আগে