Ajker Patrika

এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৯: ২৬
এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা
ছবি: এএফপি

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলের কাছে ২৩ জন নাবিক, নিরাপত্তাকর্মীসহ একটি ইরানি জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। ছিনতাই হওয়া জাহাজটিতে ২১ জন ইরানি জেলে ও দুজন সোমালি নিরাপত্তারক্ষী ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি সেন্টার ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এসব তথ্য জানিয়েছে।

সোমবার (২ নভেম্বর) সোমালিয়ার পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর বায়লা ও হাফুনের মধ্যবর্তী জলসীমায় জাহাজটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১২ জন জলদস্যু জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য জানান।

এদিকে গত শনিবার প্রকাশিত এক সতর্কবার্তায় এমএসসিআইও জানায়, জাহাজটিতে থাকা ২৩ জনের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংস্থাটি পরবর্তী সময়ে হালনাগাদ সতর্কবার্তায় আশঙ্কা প্রকাশ করে বলেছে, জলদস্যুরা ছিনতাই করা জাহাজটিকে ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করে বাণিজ্যিক জাহাজে আরও হামলা চালাতে পারে।

আজ প্রেসটিভির খবরে বলা হয়, ঘটনাটি তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান ‘অপারেশন আটলান্টা’। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সন্দেহজনক তৎপরতা সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে এমএসসিআইও।

সাম্প্রতিক সময়ে এডেন উপসাগর ও পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে সোমালীয় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ছয়টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ইয়েমেনের আল-মুকাল্লা উপকূল থেকে প্রায় ২৫২ কিলোমিটার পূর্বে ‘সিবু-১’ নামের একটি তেলবাহী ট্যাংকারও ছিল।

গত সেপ্টেম্বরে পুন্টল্যান্ড কর্তৃপক্ষ জানায়, ‘এমটি অনার-২৫’ নামের একটি ট্যাংকারে পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। পরে নিরাপত্তা বাহিনী জাহাজটি উদ্ধার করে এবং ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করে।

গত এক দশকে আন্তর্জাতিক নৌ টহল ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সোমালীয় জলদস্যুদের তৎপরতা অনেকটা কমে এসেছিল। তবে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় ওই অঞ্চলের সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত