শীত আসছে। প্রকৃতি তার আগমনী বার্তা দিচ্ছে ধীরে ধীরে। কখনো মিষ্টি রোদ, আবার কখনো রাতে হালকা বৃষ্টি, এই পালাবদলে ভোরের ঠান্ডায় গুটিয়ে আসছে শরীর। আবহাওয়া বদলের এই সময়ে ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো সমস্যা এড়াতে এবং শরীরের দুর্গ শক্ত করতে নিজেকে আগে থেকে প্রস্তুত করা জরুরি। প্রাকৃতিক উপায়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে এবং যেকোনো ঋতু পরিবর্তনের সঙ্গে লড়াই করতে জীবনযাত্রায় কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা জরুরি।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: ঘুম আরামের বিষয়। অনেকের কাছে ঘুম অলসতার প্রতীক।
কিন্তু একটা সুন্দর ঘুম আপনার সুস্থতা বাড়িয়ে দিতে পারে বহুগুণে। তাই ঘুম ও রোগ প্রতিরোধক্ষমতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। বয়স্ক ব্যক্তিদের প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কম ঘুমালে সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
উদ্ভিদভিত্তিক খাবার ও অ্যান্টিঅক্সিডেন্ট: শীতের সকালে রাস্তায় বের হলে দেখা যায় সবজির ভ্যান। মোড়ের এই ভ্যানগুলো আপনার শীতকালীন পুষ্টিকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। কারণ, শাকসবজি শরীরের জন্য জরুরি পুষ্টি সরবরাহ করে থাকে। তাই খাদ্যতালিকায় প্রচুর ফল, শাকসবজি, বাদাম ও ডাল রাখুন। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রেখে রোগ প্রতিরোধে সাহায্য করে।
স্বাস্থ্যকর চর্বি গ্রহণ: জলপাই তেল বা সামুদ্রিক মাছে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরের প্রদাহ কমিয়ে প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়।
ফারমেন্টেড খাবার বা প্রোবায়োটিক: দইয়ের মতো প্রোবায়োটিক খাবার পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে শরীর ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে।
অতিরিক্ত চিনি থেকে দূরে থাকুন: অতিরিক্ত চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট ওজন বাড়িয়ে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দিতে পারে। তাই দৈনিক শর্করা গ্রহণে সচেতন হওয়া দরকার।
মাঝারি ব্যায়ামের অভ্যাস: প্রতিদিন অন্তত ৩০ মিনিট বা সপ্তাহে ১৫০ মিনিট দ্রুত হাঁটা, হালকা জগিং বা সাইকেল চালানোর মতো মাঝারি মানের ব্যায়ামের অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ কোষগুলো সচল রাখতে সাহায্য করে। তাই এই অভ্যাস গড়ে তুলুন।
পর্যাপ্ত পানি পান: পানিশূন্যতা শরীরের কর্মক্ষমতা কমিয়ে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। তাই তৃষ্ণা পেলে পানি পান করুন এবং শরীর হাইড্রেটেড রাখুন।
মানসিক চাপ নিয়ন্ত্রণ: দীর্ঘমেয়াদি মানসিক চাপ শরীরে প্রদাহ বাড়ায়। তাই মেডিটেশন, ইয়োগা বা পছন্দের কাজের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
সঠিক সাপ্লিমেন্ট: প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন সি, ভিটামিন ডি, জিংক বা রসুনের মতো রোগ প্রতিরোধে সহায়ক উপাদানগুলো খাবারে রাখতে পারেন।
ঋতু বদলের এই সময়ে জীবনযাপনের এসব ছোট পরিবর্তন আপনার শরীর রাখবে চনমনে এবং শীতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
সূত্র: হেলথ লাইন, হেলথ শর্টস।

-5f65b5.jpg)








