ফুটবলীয় রোমান্টিকতায় ঘেরা মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা যেন একই বৃত্তে বন্দী। প্রজন্ম বদলায়, ডাগআউটে নতুন মাস্টারমাইন্ড আসেন, কিন্তু মূল সুরটা সেই একই রয়ে যায়—এবার হয়তো ভিন্ন কিছু হবে। ২০২৬ বিশ্বকাপের প্রাক্কালে সেই চিরচেনা প্রত্যাশা এখন হিমালয়সম চাপে রূপ নিয়েছে। কারণ এবার সামনে কোনো অজুহাত নেই। প্রথম দেশ হিসেবে তারা তিনবার বিশ্বকাপ আয়োজনের কীর্তি গড়তে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মাঠের ফুটবলে তারা সেই প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারবে তো?
শেষবার ঘরের মাঠে আয়োজিত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল মেক্সিকো। কাকতালীয়ভাবে, সেই দলের অন্যতম সদস্য হাভিয়ের আগুইরে এখন তৃতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে। আগুইরের কাজ এখন শুধু দলকে জেতানো নয়, বরং গত কয়েক বছরের ব্যর্থতার গ্লানি মুছে মেক্সিকান ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করা। ২০২৪ কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর মেক্সিকো যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখান থেকে দলকে টেনে তুলছেন তিনি। গত মার্চে নেশনস লিগ জয় এবং জুনে গোল্ডকাপের শিরোপা মেক্সিকান সমর্থকদের মনে নতুন আশার বীজ বুনেছে। ২০২৬ সালের শুরুটাও তারা করেছে দুর্দান্তভাবে, যেখানে পর্তুগাল ও বেলজিয়ামের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ‘এল ত্রি’রা।
গোলপোস্টের নিচে থাকা গিয়েরমো ওচোয়া ষষ্ঠ বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার কথা আগেই জানিয়েছেন। রক্ষণে সিজার মন্টেস ও হোহান ভাসকেসের মতো পরীক্ষিত নাম থাকলেও মাঝমাঠে অধিনায়ক এদসন আলভারেসই দলের ভরসা। তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা আক্রমণভাগ নিয়ে। সান্তিয়াগো হিমেনেস ও রাউল হিমেনেসদের ফর্মের অধারাবাহিকতা অনেক সময়ই মেক্সিকোকে ভোগায়।
মেক্সিকোর সবচেয়ে বড় শত্রু তাদের নিজেদের ইতিহাস এবং শেষ ষোলোর অভিশাপ। ১৯৯৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে নকআউট পর্বে উঠলেও কোয়ার্টার ফাইনালের মুখ দেখেনি তারা। এই মনস্তাত্ত্বিক বোঝা মেক্সিকান খেলোয়াড়দের কুরে কুরে খায়। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘরের মাঠে তারা ফেবারিট হিসেবেই শুরু করবে।
আগুইরের অভিজ্ঞতা আর রাফায়েল মার্কেসের আধুনিক ফুটবল দর্শনের মিশেলে মেক্সিকো এবার নতুন করে স্বপ্ন দেখছে। নিজেদের মাটি, চেনা কন্ডিশন, লজিস্টিক সুবিধা আর গ্যালারির সেই গর্জন—সবকিছুই যেন প্রতিপক্ষের জন্য আগুনের মতো উত্তপ্ত হয়ে অপেক্ষা করছে। ২০২৬ বিশ্বকাপ মেক্সিকোর জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং তাদের ফুটবলীয় পরিচয়ের এক অগ্নিপরীক্ষা। আসল পরীক্ষা নকআউট পর্বে। যখন স্নায়ুর চাপ আকাশচুম্বী হবে এবং প্রতিপক্ষ হবে ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো পরাশক্তি, তখন মেক্সিকো কি পারবে স্থির থাকতে? পারবে কি পুরোনো অভ্যাস বদলে নতুন ইতিহাস লিখতে? ফুটবলে অভ্যাস পরিবর্তন করাই যে সবচেয়ে কঠিন কাজ।
.gif)
.gif)































