Ajker Patrika

ফ্যাক্টচেক /সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০০
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার ভিডিওটি পুরোনো
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবারের নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।

গতকাল ১৫ ফেব্রুয়ারি Sylhet News1 নামের একটি ফেসবুক পেজে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ‘১৫ বছর পর নিজের ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। ১২ সেকেন্ডের ভিডিওটিতে সাবেক এই রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়, ‘১৫ বছর পরে ভোট দিলাম। অনেকদিন দিতে পারি নাই; এটা একটা আফসোস ছিল যে, মরবার আগে আর দিতে পারি কিনা।’

প্রচারিত দাবিতে ফেসবুকে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

আজকের পত্রিকা ফ্যাক্টচেকের অনুসন্ধানে ‘Nagorik TV’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও

খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওর সঙ্গে এই ভিডিওর মিল রয়েছে। তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; বরং ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার।

‘নাতনিকে নিয়ে ১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ’ শিরোনামে নাগরিক টিভির ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওর ২ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৪২ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটির প্রথম অংশে সাবেক রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়, ‘আমার বাম পাশে আমার নাতনি। সে এবার প্রথম ভোট দিয়েছে, আর আমার মনে হয় শেষ।’

এ সময় সাবেক রাষ্ট্রপতির নাতনি বলেন, ‘না, না, পাঁচ বছর পর তুমি আবার ভোট দেবে, আমরা একসঙ্গে ভোট দেব।’ এর উত্তরে আবদুল হামিদ বলেন, ‘পাঁচ বছর বাঁচলে তো...!’

এছাড়া ভিডিওতে সাবেক রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ভোট দিতে পেরে তাঁরা খুব খুশি ও গর্বিত।

প্রচারিত ভিডিওর সঙ্গে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিডিওর মিল। ছবি: স্ক্রিনশট
প্রচারিত ভিডিওর সঙ্গে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিডিওর মিল। ছবি: স্ক্রিনশট

ভিডিওতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিককেও কথা বলতে দেখা যায়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি’ শিরোনামে ২০২৪ সালেরদৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘৭ জানুয়ারি (রোববার) বিকাল পৌনে ৪টার দিকে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন সাবেক এই রাষ্ট্রপতি।’

দৈনিক যুগান্তরের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
দৈনিক যুগান্তরের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনে আরও বলা হয়, আবদুল হামিদ সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক।

আরও অনুসন্ধানে ‘১৫ বছর পর কেন্দ্রে এসে ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রতিবেদন পাওয়া যায়। সেখানো একই তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে আজকের পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টচেক টিম। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ তাঁর পরিবারের সবাই আত্মগোপনে আছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোট দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের এয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার দাবিটি সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ সামলেছেন অধ্যাপক হাছিব, আছে গবেষণাকর্মও

দশমিনা আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ, ফের ভাঙচুর-তালাবদ্ধ

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘এতগুলো হয়—এর পরে, হলে হতে পারে’

জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত