Ajker Patrika

ফ্যাক্টচেক /আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়
আসিফ মাহমুদের গানের আসরে ওসমান হাদিকে ব্যঙ্গ দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

একদিকে হাদির হত্যার বিচার চেয়ে মাঠ গরম রাখে, আরেকদিকে ‘হাদিকে চুতিয়া’ বলে মজা করে। এরাই হাদির হত্যাকারী। হাদির কালচারাল সেন্টার দখল করে, হাদির মৃত্যুকে নিয়ে নারকীয় উল্লাস করছে হাদির সাথীরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও শেয়ার করে দাবি করা হয়, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তাঁর সঙ্গীরা ওসমান হাদিকে ব্যঙ্গ করে নাচগানে মেতেছেন।

এই দাবিতে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

‘আমরা জয় বাংলার লোক’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ মার্চ একটি ভিডিও শেয়ার করা হয়। সেটিতে আজ বেলা ২টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ৬ হাজার ৮০০টি রিয়েকশন পড়েছে। পোস্টটি ১ হাজার ৫০০ শেয়ার হয়েছে এবং ৩৮১টি কমেন্ট পড়েছে।

‘উৎপল কর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘হাদি হাদি চুতিয়া... একদিকে হাদির হত্যার বিচার চেয়ে সারাদিন রাস্তা গরম করছে, আরেকদিকে “হাদিকে চুতিয়া” বলে মজা করছে। কি বুঝলেন! এরা সারাদিন চিল্লায় “দিল্লী না ঢাকা”! রাতে দিল্লীর গান “হাড়ি হাড়ি চুরিয়ায় নাচানাচি করে”! সেখানে “হাড়ি হাড়ি চুরিয়া” না বলে তারা নাচছে “হাদি হাদি চুতিয়া” বলে। এরাই হাদির হত্যাকারী! এরাই পুলিশ হত্যাকারী, এরা মানুষ নামের জানোয়ার।’

আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট যাচাই করে দেখা যায়, নেটিজনরা দুই ভাগে বিভক্ত। কেউ লিখেছেন, ‘আমরা কোন দেশে বসবাস করি? নিজের প্রতি ঘৃণা হয় এসব দেখে।’ কেউ লিখেছেন, ‘এগুলো মিথ্যাচার ছড়ানো থেকে বিরত থাকুন। এখানে স্পষ্ট বোঝা যায়, তারা মূলত “হাড়ি হাড়ি চুরিয়া” বলছে।’

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত ভিডিও পর্যবেক্ষণে আসিফ মাহমুদ ও সঙ্গীদের বাদ্যযন্ত্রের তালে গান গাইতে দেখা যায়। ভিডিওর একপর্যায়ে দুজন নাচতে শুরু করলে বাকিরা হাসিতে ফেটে পড়েন। এর কিছু সময় পরেই আবার সবাই মিলে গান গাইতে শুরু করেন। তবে পর্যবেক্ষণে ‘হাদি হাদি চুতিয়া’ গান গাওয়ার কোনো প্রমাণ মেলেনি।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে জাহির রায়হান নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গানটা শুনলে মনে হবে, “হাদি হাদি চুতিয়া।” হাদিকে মক করে গাওয়া একটি গান। কিন্তু আসলে এই গানটির মূল ভিত্তি হলো বিখ্যাত সুফি সাধক ও কবি আমির খসরুর লেখা কাওয়ালি “ছাপ তিলক সব ছিনি রে” কাওয়ালির একটি উল্লেখযোগ্য লাইন হলো—‘গোরি গোরি বাইয়াঁ, হারি হারি চুড়িয়াঁ, বাইয়াঁ পাকাড় হারলি নি রে, মোহ সে ন্যায়না মিলাইকে।’

ওই ভিডিওর ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘এ ছাড়া এই গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে ১৯৭৮ সালের বলিউড মুভি “ম্যায় তুলসি তেরে আঙান কি” তে স্থান পায়। আপাতদৃষ্টিতে বাংলা উচ্চারণ অনুযায়ী এখানে “হাদি হাদি চুতিয়া” শোনা যাচ্ছে। ওরা জানতো এটা নিয়ে হাসি-তামাশা হবে, মানুষ এটাকে হাদিকে নিয়ে ঠাট্টা করছে ভেবে ভাইরাল করবে।’

ওই পোস্টের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওতে ব্যবহার করা গানটি মধ্যযুগীয় ভারতের প্রখ্যাত সুফি সাধক, কবি, সঙ্গীতজ্ঞ ও ঐতিহাসিক আমির খসরুর একটি বিখ্যাত কাওয়ালির অংশ। যিনি ‘কাওয়ালির জনক’ এবং ‘ভারতের তোতা’ নামেও পরিচিত।

সুফি আমির খসরুর ‘ছাপ তিলক ’ শীর্ষক কাওয়ালির অংশই হলো—‘হারি হারি চুড়িয়াঁ, গোরি গোরি বাইয়াঁ, বাইয়াঁ পাকাড় হারলি নি রে, মোহ সে ন্যায়না মিলাইকে।’ যার বাংলা অর্থ দাঁড়ায়— ‘সবুজ সবুজ চুড়ি, আর ফর্সা ফর্সা হাত, আমার হাত ধরে তুমি আমাকে কেড়ে নিলে, যখন তুমি আমার চোখের ওপর চোখ রাখলে।’ এই অংশটি ভিডিওতে শোনা যায়। এটিই বিকৃত করা হয়েছে।

সুফি আমির খসরুর লেখা ‘ছাপ তিলাক’। ছবি: স্ক্রিনশট
সুফি আমির খসরুর লেখা ‘ছাপ তিলাক’। ছবি: স্ক্রিনশট

যাচাইয়ে দেখা গেছে, ‘ম্যায় তুলসি তেরে আঙান কি’ সিনেমা এবং ১৯৯০ সালে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন অভিনীত ‘আজ কি অর্জুন’ সিনেমাতেও গানটি ব্যবহার হয়েছে। এ ছাড়া বিখ্যাত পাকিস্তানি সঙ্গীতজ্ঞ ও কাওয়ালি শিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের কণ্ঠেগানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সিদ্ধান্ত

ভিডিওতে হাদিকে উদ্দেশ করে কোনো ব্যঙ্গাত্মক গান গাওয়ার প্রমাণ নেই। মূলত একটি জনপ্রিয় কাওয়ালির কথা বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত