
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ছাগল চুরি করতে এলে স্থানীয় জনতা তাঁকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছে—এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবির সপক্ষে রশি দিয়ে বাঁধা এক ব্যক্তির ছবিও প্রচার করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স , ফেসবুক ও ইউটিউবসহ বেশ কিছু হ্যান্ডল এবং পেজ থেকে তথ্যটি প্রচার করা হচ্ছে।
ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, গ্রিলের সঙ্গে বাঁধা হাতের সঙ্গে একটি মাংসপিণ্ড। এ ছাড়া ছবিতে থাকা ব্যক্তির পোশাকের ওপর দুই জায়গায় ‘BSF’ লেখা পাওয়া যায়। সাধারণত যেকোনো বাহিনীতে নেমপ্লেট বা ব্যাজ একপাশে থাকে, কিন্তু এখানে বুকের দুই পাশেই একই লেখাসংবলিত ব্যাজ। লক্ষ করলে দেখা যায়, নেমপ্লেটে নামের জায়গায়ও ‘BSF’ লেখা রয়েছে।
ছবিটির এই অসংগতির কারণে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর সহায়তা নেওয়া হয়। হাইভ মডারেশনের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৬ শতাংশের বেশি।

পাশাপাশি দেশের মূলধারার সংবাদমাধ্যম এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বিবৃতি ও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি কোনো বিএসএফ সদস্যকে বাংলাদেশে ছাগল চুরি করতে এসে আটক, মারধর বা প্রকাশ্যে অপদস্থ করার মতো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ৯ ডিসেম্বর ‘বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফের ছাগল চুরি’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে এবং ২০২৫ সালের ৪ জুন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ‘বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা’ শিরোনামে আরটিভি অনলাইনে প্রতিবেদন পাওয়া যায়।
বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আরও অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজটোয়েন্টিফোর’-এর অফিশিয়াল ফেসবুক পেজে ‘আবারও চুরি করতে গিয়ে আটক ব্রাজিল সমর্থক!’ ক্যাপশনে গত ৯ জুন প্রকাশিত একটি ভিডিও ও ফটোকার্ড পাওয়া যায়। ওই ছবি এবং ভিডিওতে থাকা ব্যক্তির চেহারা ও ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যদিও ভিডিওতে ঘটনাস্থল, সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানা যায় না।

ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বারান্দার গ্রিলের সঙ্গে বাঁধা। গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরা ব্যক্তিকে কেউ একজন নানা প্রশ্ন করছেন। তিনি ব্রাজিলের জার্সি পরে কেন চুরি করতে এসেছেন জানতে চাইলে ওই যুবক জবাব দেন, তিনি ব্রাজিলের সমর্থক। ভিডিওটির একটি দৃশ্যের সঙ্গে আলোচিত বিএসএফের ইউনিফর্ম পরা হাত বাঁধা ব্যক্তির মিল রয়েছে।

কুড়িগ্রাম সীমান্তে ছাগল চুরি করতে এসে বিএসএফ সদস্য আটক ও মাথা ন্যাড়া করার দাবিটি বানোয়াট। সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ‘চুরি করতে গিয়ে আটক হওয়া এক ব্যক্তির’ ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পরিবর্তন করে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশে মোটরসাইকেলের একটি শোরুমে ঢুকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করেছে এবং শোরুমের সবকিছু হাতিয়ে নিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এবং এটি নিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
বিএনপির শাসনামলে আমাদের মেয়েরা রাস্তায় নিরাপদ নয়—এমন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
২ দিন আগে
সরকারের খরচে বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় ‘জুলাই জঙ্গি আন্দোলনের নেতা’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মদসহ গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে