Ajker Patrika

ফ্যাক্টচেক /ছেলের আবদার নিয়ে ভাইরাল উদ্ধৃতিটি মেসির নয়, আরেক তারকা ফুটবলারের

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২: ০৯
ছেলের আবদার নিয়ে ভাইরাল উদ্ধৃতিটি মেসির নয়, আরেক তারকা ফুটবলারের
ছেলেকে নিয়ে মেসির মন্তব্য দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

‘আমার ছেলে প্রায়ই আমাকে বলে, বাবা, আর কয়েকটা বছর অপেক্ষা করো, আমি তোমার সাথে আর্জেন্টিনার হয়ে খেলতে চাই’—আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির উদ্ধৃতি দাবিতে একাধিক ফটোকার্ড ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে ( , , , )

The Sports Buzz’ নামের একটি ফেসবুক পেজে থেকে ২৪ জুলাই একটি পোস্ট শেয়ার করা হয়।

তবে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয় ‘P/R Football’ নামের একটি এক্স অ্যাকাউন্টে, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। গত ৩০ জুন শেয়ার করা ওই পোস্টে ২৫ জুন বিকেল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার রিয়েকশন, ৪ হাজার ৩০০ রিপোস্ট ও ৩৫৭ কমেন্ট রয়েছে।

ছড়িয়ে পড়া এসব পোস্ট ও ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই প্রচারিত দাবিটিকে সত্য বলে বিশ্বাস করছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলো পর্যবেক্ষণে দেখা যায়, কোনো কোনো ছবিতে মেসির সঙ্গে তাঁর তিন ছেলের ছবি, আবার কোনোটিতে বড় ছেলের ছবি ব্যবহার করে ক্যাপশনে আলোচিত উদ্ধৃতিটি যুক্ত করা হয়েছে। তবে মেসির তিন ছেলে—থিয়াগো, মাতেও এবং চিরোর মধ্যে ঠিক কে এই কথা বলেছে, তা পোস্টে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া মেসি কবে বা কোথায় এমন কথা বলেছেন, সেটিরও কোনো সূত্র উল্লেখ নেই।

দাবিটির সত্যতা যাচাইয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান চালিয়ে লিওনেল মেসির এমন কোনো বক্তব্য বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।

তবে বিভিন্ন সময়ে (, , , ) দেওয়া সাক্ষাৎকারে মেসিকে তাঁর পরিবার ও সন্তানদের নিয়ে কথা বলতে দেখা যায়। এক সাক্ষাৎকারে তিন ছেলের ফুটবলপ্রেম নিয়ে মেসি জানান, তারা তিনজনই সারাদিন বল নিয়ে থাকে, নিজেরা ফুটবল খেলা দারুণ উপভোগ করে। বড় ছেলে থিয়াগো একটু চিন্তাভাবনা করে খেলে, মাতেও ফরোয়ার্ড পজিশনে গোল করতে ভালোবাসে এবং ছোট ছেলে চিরো অনেক বেশি আগ্রাসী ফুটবল খেলে। তারা সবাই ইউটিউবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড ও লামিন ইয়ামালের খেলা দেখে বলে জানান মেসি। তবে এসব সাক্ষাৎকারের কোথাও আলোচিত দাবির বিষয়ে কোনো কথা তিনি বলেননি।

মেসির সাক্ষাৎকার। ছবি: স্ক্রিনশট
মেসির সাক্ষাৎকার। ছবি: স্ক্রিনশট

অন্যদিকে, স্প্যানিশ ক্রীড়া দৈনিক Diario AS-এ ২০২৪ সালের ১৪ জুন প্রকাশিত মেসির বড় ছেলে থিয়াগোও একটি সাক্ষাৎকার পাওয়া যায়। অরল্যান্ডোতে অনুষ্ঠিত ‘লা লিগা ফিউচার্স’ টুর্নামেন্ট চলাকালীন সাংবাদিক হোসে রামোন দে লা মোরেনাকে দেওয়া সাক্ষাৎকারে ১২ বছর বয়সী থিয়াগো জানায়, স্পেনে জন্ম হলেও সে আন্তর্জাতিক ফুটবলে কেবল আর্জেন্টিনার হয়েই প্রতিনিধিত্ব করতে চায়। এ ছাড়া ভবিষ্যতে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের সঙ্গে খেলার ইচ্ছার কথাও জানায় সে। কিন্তু সেখানেও বাবার সঙ্গে খেলার ব্যাপারে কোনো কথা বলেনি থিয়াগো।

তাহলে এই মন্তব্যের উৎস কোথায়?

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি মূলত পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২০ সালের ৭ অক্টোবর ‘SPORTbible’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে রোনালদোর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমার ছেলে আমাকে বলে: বাবা, আর কয়েকটা বছর খেলাটা চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে মাঠে খেলতে চাই।’

পরে ২০২৩ সালের ১৯ অক্টোবর ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টেও একই তথ্য পাওয়া যায়।

এই সূত্র ধরে অনুসন্ধানে একাধিক (, , , )

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রোনালদো বিভিন্ন সময়ে জানিয়েছেন, তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র প্রায়ই তাঁকে ক্যারিয়ার দীর্ঘায়িত করার অনুরোধ জানায়। কারণ, জুনিয়রের ইচ্ছা, বাবা যেন এখনই ফুটবলকে বিদায় না জানিয়ে আরও কয়েক বছর খেলে যান, যাতে অন্তত একটি ম্যাচে হলেও একই দলে সতীর্থ হিসেবে মাঠে নামার স্বপ্ন পূরণ করতে পারে সে।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

আলোচিত উদ্ধৃতিটি লিওনেল মেসির নয়। মূলত সেটি ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের আবদার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত