Ajker Patrika

দিল্লির মাছ বাজারে আগুনের ঘটনাকে ভারত-ইসরায়েল ড্রোন কারখানায় হামলা দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৮: ৪৬
দিল্লির মাছ বাজারে আগুনের ঘটনাকে ভারত-ইসরায়েল ড্রোন কারখানায় হামলা দাবিতে প্রচার
ভারত-ইসরায়েল ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলার দাবিতে ছড়ানো পোস্ট। ছবি: স্ক্রিনশট

দিল্লির কাছে ভারত-ইসরায়েল যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে, ‘নক্সালি’ বিদ্রোহীরা দিল্লির কাছে ভারত ও ইসরায়েলের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রে শক্তিশালী হামলা চালিয়েছে এবং ঘটনাটি সাম্প্রতিক সময়ের।

এই দাবিতে ফেসবুকে ভিডিওটি শেয়ার করা হয়েছে এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

এক্সে আছে এখানে , এখানে

War and History Insights-WHIS নামের একটি ফেসবুক গ্রুপে ১২ মার্চ বিকেল ৫টা ২৭ মিনিটে ভিডিওটি শেয়ার করা হয়। ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি আজ শনিবার বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ২৭ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ হাজার ১০০টি রিয়েকশন এবং ৯২টি কমেন্ট রয়েছে।

কামরুল হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, দিল্লির কাছে ভারত-ইসরায়েলের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রে ‘নক্সালি’ বিদ্রোহীরা শক্তিশালী হামলা চালিয়েছে। এতে কারখানার ভেতরে বড় বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পোস্টে আরও দাবি করা হয়, এই ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ভারতীয় ও ইসরায়েলি কর্মকর্তারাও রয়েছেন। তবে ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা দেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া আরও কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে সত্য ঘটনা মনে করেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওতে আগুনের শিখা ও ঘন ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠতে দেখা যায়। ঘটনাস্থলের চারপাশে মানুষের চিৎকার ও কান্নার আওয়াজ শোনা যায়। আশপাশে অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকল বাহিনীর একাধিক গাড়ি এবং সাইরেনের শব্দও শোনা যায়। এ ছাড়া ভিডিওটির ওপরের ডান কোণে লাল রঙের ‘PTI’ লেখা রয়েছে।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদ সংস্থা Press Trust of India (PTI)–এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে গত ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রচারিত ভিডিওর সঙ্গে পিটিআইয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর মিল। ছবি: স্ক্রিনশট
প্রচারিত ভিডিওর সঙ্গে পিটিআইয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর মিল। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম The Indian Express , The Print -সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবি ও ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।

The Print গত ১২ মার্চ সকাল ৯টা ৪৭ মিনিটে ‘Fire at Uttam Nagar fish market spreads to slums, 300–400 homes destroyed ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লির উত্তম নগরের মাটিয়ালা গ্রামে গত বুধবার (১১ মার্চ) গভীর রাতে একটি মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রাত প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ যখন বিক্রেতারা দোকান গোছাচ্ছিলেন, ঠিক তখনই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পাশের বেশ কিছু বস্তিতে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতির মুখে পড়ে।

আশপাশের বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। দমকলকর্মীরা সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কয়েক ঘণ্টার টানা লড়াইয়ের পর বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই সময়ের মধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও ব্যবসা হারিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রায় ৩০০ থেকে ৪০০টি ঝুপড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

ভাইরাল ভিডিওটি দিল্লির কাছে ভারত-ইসরায়েলের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলার নয়। এটি দিল্লির উত্তম নগর এলাকার একটি মাছের বাজারের অগ্নিকাণ্ডের ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত