
প্রথম বিশ্বকাপ আসর (১৯৩০) থেকে পাওয়া একটি বিরল ছবি, যেখানে খেলোয়াড়দের শর্টসের বদলে যেন প্যারাস্যুট পরা বলে মনে হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
ছবিটি শেয়ার করে একটি এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় দাবি করা হয়, ‘১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ আসরের একটি বিরল ছবি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কেউ কি বলতে পারবেন, এই আসরের উদ্বোধনী ম্যাচে কোন দুটি জাতীয় দল মুখোমুখি হয়েছিল? চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং উত্তর বের করার চেষ্টা করুন।’
আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট রয়েছে এখানে (১ ,২ , ৩ , ৪ )।
দাবিটির সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে ‘History Photographed’ নামের একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টের সঙ্গে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। পোস্টটিতে ছবিটিকে ১৯৪৭ সালের ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ, অর্থাৎ ম্যানচেস্টার ডার্বির ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ৭১ হাজার ৩৬৪ দর্শকের উপস্থিতিতে ডার্বি ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক করমর্দন করছেন। একই ছবি ও তথ্য ‘(Fan Page) Manchester United’ নামের আরেকটি এক্স অ্যাকাউন্টের পোস্টেও পাওয়া যায়।
এ ছাড়া ‘FootyRoom’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা পোস্টেও একই ছবির সন্ধান মেলে। এক্স ও ফেসবুকে পাওয়া ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবির তুলনা করে দেখা যায়, দুই খেলোয়াড়, মাঝখানে থাকা রেফারি এবং ছবির ব্যাকগ্রাউন্ড এক হলেও করমর্দনরত দুই খেলোয়াড়ের প্যান্টে পার্থক্য রয়েছে।

আরও অনুসন্ধানে ‘Getty Images’-এর ওয়েবসাইটেও একই ছবির সন্ধান পাওয়া যায়। গেটি ইমেজেসে থাকা ছবিটি সাদাকালো হলেও ভাইরাল ছবিটি রঙিন। পাশাপাশি আলোচিত ছবির সঙ্গে করমর্দনরত দুই খেলোয়াড়ের পরিহিত প্যান্টের আকারেও পার্থক্য দেখা যায়।

গেটি ইমেজেসে প্রকাশিত ছবির বিবরণ থেকে জানা যায়, এটি ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ছবি। ১৯৪৭ সালের ২০ সেপ্টেম্বর মেইন রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বি শুরুর আগে দুই দলের অধিনায়কের করমর্দনের মুহূর্তটি ছবিটি তোলা হয়। ছবিতে ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্ট স্প্রস্টন (বাঁয়ে) এবং ডানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক জনি কেরি। ম্যাচ রেফারি সি ফ্লেচারকে দেখা যায় দুই অধিনায়কের মাঝে।

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’-এর সাহায্য নেওয়া হয়। হাইভ মডারেশনের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশের বেশি।

উল্লেখ্য, ১৯৩০ সালের ফিফা বিশ্বকাপ ছিল ফুটবল বিশ্বকাপের প্রথম আসর। এটি ১৩ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই শেষ হয়। ওই বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হয়। একটিতে ফ্রান্স ৪-১ গোলে মেক্সিকোকে এবং অন্যটিতে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে বেলজিয়ামকে পরাজিত করে।
সুতরাং সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের বিরল ছবি হিসেবে প্রচারিত ছবিটি সম্পাদিত। প্রকৃতপক্ষে ১৯৪৭ সালের ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যানচেস্টার ডার্বি ম্যাচের একটি ছবিকে এডিট করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার সমর্থনে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
১ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে এসে তুরাগ নদে নিখোঁজ হওয়া ‘আরেফিন’ নামের একজনের লাশ পাওয়া গেছে—এমন একটি দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগেও ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতজনের লাশ ভেসে ওঠার দাবিতে ছড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
২ দিন আগে
আপনি কি জানেন, যখন আপনি হাঁচি দেন, তখন নাক দিয়ে প্রায় ১ লাখ জীবাণু ঘণ্টায় আনুমানিক ১০০ মাইল বেগে বাইরে বেরিয়ে আসে? তাই জনসমক্ষে মানুষ কেন এই বিরক্তিকর ‘আ...চ্ছো’ শব্দটিকে চেপে রাখার চেষ্টা করে...
২ দিন আগে