
‘আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’—রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যের নামে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড বেশিরভাগ ব্যবহারকারী সত্য ধরে শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন। একজন শেয়ার দিয়ে লিখেছেন, ‘এই কথা অস্বীকার করার কোন সুযোগ নেই।’ আবার আরেকজন লিখেছেন, ‘সত্য সবসময় সুন্দর।’
‘দৈনিক প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয়। ২০ এপ্রিল ১১টা ৫০ মিনিটে শেয়ার করা ওই ফটোকার্ডটিতে ২৪ এপ্রিল বিকাল ৪টা ২৪ মিনিট পর্যন্ত ৬ হাজার ৩০০ রিয়েকশন, ৩৮২ কমেন্ট ও ৪৭৭ শেয়ার রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে দেশের কোনো গণমাধ্যমে রুমিন ফারহানার এমন মন্তব্যের সংবলিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এ ছাড়া তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অ্যাকাউন্টেও এ ধরনের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বিশেষ সাক্ষাৎকার: রুমিন ফারহানা’ শিরোনামে খালেদ মুহিউদ্দীন–এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ৩ মিনিট ৪৪ সেকেন্ডের সময় রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের জাল সেটার মধ্যেও এই জায়গাগুলো আসে নাই। কারণ ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল। সবসময় মনে করত যে, এরা তো আমাদের ভোট দেয় না। এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা। এদের এত উন্নয়নের কী আছে! আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে।’ তবে কোথাও তিনি বলেননি যে ‘আওয়ামী লীগের উন্নয়ন রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে।’
আরও অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন আরটিভি–তে প্রকাশিত ‘সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না’ এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত ‘নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে’ শিরোনামের প্রতিবেদনে রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য পাওয়া গেলেও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
এ ছাড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি—তিনি কোথায়, কখন বা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তার কোনো তথ্য নেই।
সিদ্ধান্ত
রুমিন ফারহানার নামে প্রচারিত ‘আওয়ামী লীগের উন্নয়ন রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’ বক্তব্যটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন মন্তব্যের অস্তিত্ব নেই।

রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান মল্লিককে ‘জঙ্গি নেতা কর্তৃক পুড়িয়ে হত্যা’ করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে অনেকেই ঘটনাটিকে সাম্প্রতিক ও বাংলাদেশের বলে দাবি করছেন।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেব—শিরীন শারমিন চৌধুরী এমন কথা বলেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জাতীয় সংসদের সাবেক স্পিকারের নামে শেয়ার করা ওই ভিডিওতে দাবি করা হয়, তিনি বলেছেন—‘আমি কথা দিলাম গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ...
১ দিন আগে
ফিলিস্তিনে নিখোঁজ হওয়ার দুই মাস পর দুই শিশুর মৃতদেহ তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে