Ajker Patrika

ফ্যাক্টচেক /ভারতের ঘটনাকে কক্সবাজারে চাঁদার দাবিতে কুপিয়ে হত্যা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৭
ভারতের ঘটনাকে কক্সবাজারে চাঁদার দাবিতে কুপিয়ে হত্যা বলে প্রচার
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় পর্যটককে কুপিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

কক্সবাজার পর্যটনকেন্দ্রের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন বিএনপির নেতা-কর্মীরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘আহারে বাংলাদেশ, চাঁদা না দেওয়ায় সবার সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা। কক্সবাজার পর্যটন কেন্দ্রের সামনে চাঁদা না দেওয়ায় বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।’

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট ও রিঅ্যাকশন পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ১০ সেকেন্ডের ভিডিওটিতে কয়েকজন যুবককে মিলে এক ব্যক্তিকে মাটিতে ফেলে অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। তবে ভিডিওটি অস্বচ্ছ ও ব্যাকগ্রাউন্ডে মিউজিক যুক্ত থাকায় চারপাশের কোনো স্থান বা শব্দ স্পষ্ট শোনা যায়নি।

অনুসন্ধানে জাতীয় বা স্থানীয় কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে কক্সবাজারে এমন সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘ভাস্কর নিউজ’-এর ওয়েবসাইটে একই ভিডিও সংবলিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ৭ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলার কালকা থানার গান্ধী চক এলাকার।

ভাস্করের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
ভাস্করের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অধিকতর অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘অর্থ প্রকাশ’-এ ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্যের সত্যতা পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালকার গান্ধী চকে নিখিল চৌরাসিয়া নামের এক ব্যক্তির ওপর ছয় থেকে সাতজন যুবক লাঠি ও রড নিয়ে হামলা চালান।

কালকা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতাপ সিং জানান, পুরোনো পারস্পরিক শত্রুতার জেরে নিখিল চৌরাসিয়ার ওপর এই হামলা চালানো হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পঞ্চকুলার হাসপাতালে ও পরে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পিজিআইয়ে চিকিৎসাধীন।

কম্পেরিজন: আজকের পত্রিকা
কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

কক্সবাজার পর্যটনকেন্দ্রের সামনে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা-কর্মী কর্তৃক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দাবিটি ভিত্তিহীন। মূলত ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলায় শত্রুতার জেরে এক যুবকের ওপর হামলার ভিডিওকে বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত