থাম্ব: মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে গিয়ে অসুস্থ হওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি। ছবি: স্ক্রিনশট
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে গণমাধ্যমকে জানায় পুলিশ। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এরই মধ্যে, মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে হঠাৎ পেট ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন— এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছবিটি ছড়ানো হয়েছে। ছবিতে, মেহের আফরোজ শাওনের হাতে ক্যানোলা লাগানো অবস্থায় তাঁকে হাসপাতলের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে।
‘ওকে জানস (Ok Jan’s)’ নামের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘ডিবি কার্যালয়ে হঠাৎ পেট ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন নায়িকা শাওন! তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান আল্ট্রাসোনোগ্রাফি করানো লাগবে।’ (বানান অপরিবর্তিত)
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ছবিটিতে ৩১ হাজার রিঅ্যাকশন পড়েছে এবং শেয়ার হয়েছে ২৬২। আর পোস্টটিতে ৪ হাজার ২ শত টি কমেন্ট পড়েছে। মাহাবুব আলম লিটন (Mahabub Alom Liton) নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘গরম ডিম থেরাপির কথা শুনে অ সুস্থতার নাটক করতেছে তারা ভালো করে জানে কোথায় কোন নাটক করতে হয় ছাড়াছাড়ি নাই সুস্থ হলে চেষ্টা করেন পুনরায়’ (বানান অপরিবর্তিত) শিমুল প্রান্ত (Shimul Pranto) লিখেছে, ‘নাটকের লোকতো অভিনয় ভালোই জানে’ (বানান অপরিবর্তিত)
‘সুহাসিনী বিনতে সুপ্তা’ নামে ফেসবুক অ্যাকাউন্ট ও ‘Elias Hossain Fans’ এবং ‘স্বপ্ন’ নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়েছে।
কোনো পোস্টেই শাওন অসুস্থ হওয়ার তথ্যের সূত্র উল্লেখ করা হয়নি।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে ছবিটি পাওয়া যায়। পোস্টটি ২০১৬ সালের ১৯ নভেম্বর করা হয়।

এই পোস্ট থেকে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে মেহের আফরোজ শাওন অ্যালার্জি ও লো প্রেশার জনিত কারণে অসুস্থ হলে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে অসুস্থ হয়েছিলেন কিনা তা জানতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধানে রেজাউল করিম মল্লিকের সঙ্গে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।
পাশাপাশি দেশের সংবাদ মাধ্যমগুলোতেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে— এ তথ্য সঠিক নয়। মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি ২০১৬ সালের।

গতকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৪ ঘণ্টা আগে
আজ (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশাল মিছিলের দৃশ্য।
১ দিন আগে
সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদা না পেয়ে এক ফার্মেসি দোকানিকে পিটিয়ে হত্যা করেছেন মনির নামের এক বিএনপি নেতা—এমন দাবিতে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের উচ্চতা বাড়ে, এরপর স্থির হয়ে যায়। কিন্তু অনেকে হয়তো জানেন না, একটি নির্দিষ্ট বয়সের পর উচ্চতা ধীরে ধীরে কমতেও পারে। বিশেষজ্ঞদের মতে, এটি বার্ধক্যের স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তনের একটি অংশ হলেও কখনো কখনো এটি গুরুতর স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে পারে।
৩ দিন আগে