Ajker Patrika

ফ্যাক্টচেক /আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক 
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭: ১২
আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া
আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক সংস্থার মতামতের দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে; তাই দলটির ওপর নিষেধাজ্ঞা বেশিদিন রাখা সম্ভব নয়—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা টুয়েন্টিফোর’-এর একটি ফটোকার্ড ছড়িয়েছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট শওকত হোসেন খান।

শেয়ার করা ফটোকার্ডের শিরোনাম, ‘আওয়ামী লীগের “মানবাধিকার লঙ্ঘন” অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন’। ফটোকার্ডটি শেয়ার করে আরও দাবি করা হয়, এসব আন্তর্জাতিক সংস্থার গ্রিন সিগন্যালের কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ঢাকায় তলব করেছেন।

শেয়ার করা পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ কমেন্টকারী ফটোকার্ডের শিরোনাম ও পোস্টের ক্যাপশন দেখে বিভ্রান্ত হয়েছেন। একজন কমেন্টকারী বলেন, ‘এজন্যই তো যেই পুলিশ পাবলিককে নিরাপত্তা দেয়, পুলিশের নিরাপত্তা নেই।’ আরেকজন বলেন, ‘তাহলে তো আপনাদের জন্য শাস্তির ব্যবস্থা করতেই হবে, এতদিন মিথ্যা বলার জন্য।’ আরেকজন লেখেন, ‘সত্যি বেরিয়ে আসবেই, শুধু সময়ের অপেক্ষা। এ দেশে কোটি কোটি মানুষ।’ অন্য একজন লেখেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ফটোকার্ডটিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ডায়াসে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁর পেছনে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম এবং রোকেয়া বেগমসহ অন্যদের উপস্থিতি রয়েছে এবং কার্ডটিতে ১১ অক্টোবরের তারিখ উল্লেখ আছে।

ফটোকার্ডের সূত্র ধরে অনুসন্ধানে বার্তা টুয়েন্টিফোরের অফিশিয়াল ফেসবুক পেজে গত ১১ অক্টোবর শেয়ার করা একই ফটোকার্ড সংবলিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য তুলে ধরা হয়।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষে তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১৫৩তম আইপিইউ সম্মেলন থেকে দেশে ফিরে ১১ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার।

প্রতিবেদন অনুযায়ী, স্পিকার বলেন , গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন, তদন্ত করেন। তাঁরা তদন্ত করে দেখেছেন, আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য জাতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন (১, ২) থেকেও প্রায় একই তথ্য পাওয়া যায়।

স্পিকার আরও বলেন, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন। তাঁরা মর্মাহত হয়েছেন। অর্থাৎ, স্পিকার মূলত আওয়ামী লীগের করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার কথা বলেন।

বার্তা টুয়েন্টিফোরের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
বার্তা টুয়েন্টিফোরের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

তবে বার্তা টুয়েন্টিফোরের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা ওই পোস্টের কমেন্টেও দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী মনে করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ, প্রতিবেদনে স্পিকারের বক্তব্য হিসেবে যা তুলে ধরা হয়েছে, তা অনেক ব্যবহারকারী আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক সংস্থার অবস্থান হিসেবে বুঝেছেন।

বার্তা টুয়েন্টিফোরের প্রতিবেদনের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
বার্তা টুয়েন্টিফোরের প্রতিবেদনের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

অন্যদিকে, আলোচিত পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক হঠাৎ সংসদ সদস্যদের ঢাকায় তলব করার রাজনৈতিক ব্যাখ্যারও প্রমাণ মেলেনি। বরং প্রথম আলো , যুগান্তরসহ দেশের জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্গোৎসবে সংখ্যালঘুদের নিরাপত্তা, চাঁদাবাজি-দখলদারিত্ব প্রতিরোধ এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সংসদ সদস্যদের স্পষ্ট দিকনির্দেশনা দেন।

এ ছাড়া, সম্প্রতি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক আদালতের মতামত আওয়ামী লীগের পক্ষে গেছে—আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন দাবিরও সত্যতা মেলেনি।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ‘Showkat Hossain Khan’ নামের ফেসবুক পেজটিতে প্রায়শই মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়।

সিদ্ধান্ত

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত