
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ১৯ বছর পরও স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছেন আহত ব্যক্তিরা। ২০০৪ সালের ২১ আগস্টের ওই হামলায় ২৪ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক শ ব্যক্তি আহত হন।আহতদের অনেকে শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বহন করে চলেছেন। তাঁদের কেউ কেউ কাজে অক্ষম হয়ে পড়েছেন, এখনো নিতে হচ্ছে চিকিৎসা।
১৮০০ স্প্লিন্টার: শরীরে আজো এই পরিমাণ স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন মাহবুবা পারভীন। তিনি ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। এখন সংগঠনের সহসভাপতি। এই নেত্রী এখনো ওই দিনের কথা মনে করে শিউরে ওঠেন। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে তাঁর। জ্বালাপোড়ার কারণে দিনে-রাতে কয়েকবার গোসল করতে হয়।
গতকাল রোববার আলাপকালে মাহবুবা বর্তমান অবস্থা নিয়ে বলেন, ২০১৬ সালে তাঁর স্বামী মারা যান। বড় ছেলে এমবিএ শেষ করে ব্যাংকে চাকরি করছেন। ছোট ছেলে বিদেশে পড়ালেখা নিয়ে আছেন। তাঁরা তিন বোন ও চার ভাই। সাভারে তাঁর আশপাশের বিভিন্ন এলাকায় তাঁরা বসবাস করছেন। তাঁর প্রয়োজনে তাঁরাই ছুটে আসেন। বর্তমানে এক বোনের ছেলে দেখাশোনা করার জন্য তাঁর সঙ্গেই থাকেন। বর্তমানে তিনি সাভারের বাজার রোডে থাকেন।
মাহবুবা বলেন, ‘বর্তমানে অবস্থা ভালো না। শারীরিক যন্ত্রণায় ঘুমাতে পারি না। ঘুম এলেই শরীরে সুঁইয়ের মতো খোঁচা দেয়। রাতে প্রায় তিনবার গোসল করি। প্রধানমন্ত্রী আমাকে কলকাতা থেকে উন্নত চিকিৎসা করিয়ে এনেছেন। ব্রেনের চিকিৎসা ব্যাংককে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সেটা আর হয়ে ওঠেনি। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছি। আমি তো জীবন্ত লাশ। বাসে যাতায়াত করতে পারি না। আমার নিজস্ব কোনো ব্যবস্থা নেই, বাসে যাতায়াত করতে খুবই সমস্যা হয়।’
‘কাজ করতে পারি না’: গ্রেনেডের স্প্লিন্টারে আহত মাদারীপুরের তিনজন এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন। তাঁরা হলেন কালকিনি পৌরসভার বিভাগদী গ্রামের হালান হাওলাদার, কৃষ্ণনগর গ্রামের কবির হোসেন ও ঝাউতলা গ্রামের সাইদুল হক সরদার।
হালান বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে প্রচুর স্প্লিন্টার রয়েছে। প্রায় সময়েই জ্বালা-যন্ত্রণা আর অসহ্য লাগে। সে কারণে তেমন কোনো কাজ করতে পারি না। আগস্ট মাস এলে দুই চোখের পানি যে আর বন্ধ হয় না। সেই দিনের ভয়াবহ স্মৃতি ভুলতে পারছি না। আমরা যাঁরা আহত আছি, প্রধানমন্ত্রী যদি আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেন, তা হলে ভালো হতো।’
আহত অনেকে ঢাকায় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্ল্যাট পেয়েছেন জানিয়ে হালান বলেন, ‘আমি ফ্ল্যাট পাইনি। আমার থাকার জন্য স্থায়ী বসতঘর প্রয়োজন। তা ছাড়া আমার বাম পায়ে স্প্লিন্টারের জন্য অনেক ব্যথা। ঠিকমতো হাঁটতেও পারি না।’
আরেক আহত সাইদুলও স্প্লিন্টারের যন্ত্রণায় তেমন ভারী কাজ করতে পারছেন না। তিনি বলেন, ‘ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেন উন্নত চিকিৎসা দরকার। আমি উন্নত চিকিৎসা কীভাবে করব। এত টাকা-পয়সা তো আমার নেই। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, তিনি যেন আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। যাতে করে শরীর থেকে স্প্লিন্টার বের হয়ে যায়।’
পাননি কোনো সহযোগিতা: চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকর বাড়ির কৃষ্ণ পাটিকর (৬১) এখনো শরীরে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। ২১ আগস্ট এলেই মনে পড়ে ওই দিনের সেই নৃশংস ভয়াবহ দৃশ্যের কথা।
কৃষ্ণ জানান, সে দিন কচুয়া থেকে তাঁর পাশাপাশি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল, দেবীপুর গ্রামের মিজান এবং নিজেদের এলাকার আব্দুল গফুর রাজধানীতে ওই সমাবেশে যোগ দেন। তাঁদের মধ্যে কৃষ্ণ গ্রেনেড হামলায় আহত হন। মনোয়ারা হাসপাতালে তাঁর পা এবং কোমর থেকে স্প্লিন্টার বের করা হয়। পরদিন তিনি এলাকায় এসে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে অভাব-অনটনের মধ্য দিয়ে তাঁর জীবন কাটছে। এখনো রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে কোনো সহায়তা দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ জানান, কৃষ্ণ বর্তমানে চলতে হিমশিম খাচ্ছেন। তিনি কৃষ্ণের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫