পাইকগাছায় চলতি বোরো মৌসুমের ধানগাছ ইঁদুরে কেটে নষ্ট করছে। কৃষকেরা ইঁদুর নিধনে বিভিন্ন ফাঁদ পাতলেও কোনো কাজ হচ্ছে না। তাই এবার ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
ইতিমধ্যে কিছু ধানগাছে শিষ বেরিয়েছে। এমন সময় গাছ ইঁদুরে কেটে সাবাড় করে দিচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইকগাছায় এ বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৯০০ হেক্টর। কিন্তু এ বছর ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। অতিরিক্ত ১ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তার মধ্যে উফশী ৪ হাজার ৫০ হেক্টর ও ১ হাজার ৫৭২ একর জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে।
হরিঢালী ইউনিয়নে চাষ হয়েছে ৯৪৫ হেক্টর, কপিলমুনি ইউনিয়নে ১ হাজার ৩০ হেক্টর, লতা ইউনিয়নে ১ হেক্টর, সোলাদানা ইউনিয়নে ১ হেক্টর, গদাইপুরে ১ হাজার ২৪০ হেক্টর, রাড়ুলী ইউনিয়নে ১ হাজার ৪৫ হেক্টর, চাঁদখালী ইউনিয়নে ১ হাজার হেক্টর, দেলুটি ইউনিয়নে ৭০ হেক্টর, গড়ইখালী ইউনিয়নে ২০ হেক্টর ও পৌরসভায় ১৮০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।
ধান রোপণের পর থেকে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশায় কৃষকেরা বুক বেঁধেছেন। কিন্তু ইঁদুর তাঁদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করছে। বেশির ভাগ এলাকায় ধানের জমিতে ইঁদুরের উৎপাত চরমভাবে বেড়ে গেছে। দলবদ্ধ ইঁদুর ধান খেতের মাঝে গিয়ে থোড় আসা ধান কেটে ফেলছে। কৃষকেরা ইঁদুর নিধনে নানা ধরনের ফাঁদ পাতলেও কোনো কাজ হচ্ছে না।
উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ইউনিয়নের কৃষকেরা ধানখেত রক্ষায় নানা ধরনের কাজে ব্যস্ত রয়েছেন। হরিঢালী ইউনিয়নের শফিউল আলম জানান, প্রতি রাতেই ইঁদুর ধান কেটে নষ্ট করছে। নানা ধরনের পদক্ষেপ নিয়েও কোনো কাজে আসছে না।
নোয়াকাটি গ্রামের জুলফিক্কার আলী বলেন, ‘আমি এবার তিন বিঘা জমিতে বিরি-২৮ ধান চাষ করেছি। এখন ধানে শিষ বের হওয়া শুরু করেছে, এ সময় ইঁদুরে ধান কেটে চরমভাবে নষ্ট করে দিচ্ছে।’
গদাইপুর ইউনিয়নের আহসান শেখ বলেন, ‘এ বছর আমরা লোনাপানির চিংড়িঘের বাদ দিয়ে পুরাইকাটি বিলে গ্রামবাসী মিলে ৩০০ বিঘা জমিতে ধান চাষ করেছি। আমি আট বিঘা জমিতে ধান চাষ করেছি। কিন্তু ধানে থোড় আসার সঙ্গে সঙ্গে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। কোনোভাবে থামানো যাচ্ছে না। এক এক রাতে বিঘা বিঘা জমি দল বেঁধে ধান কেটে নষ্ট করে দিচ্ছে।’
মটবাটি গ্রামের মিজানুর রহমান বলেন, ‘আমি দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে। কিন্তু আমার ১০ কাঠা জমির ধান থোড় আসা অবস্থায় কেটে ফেলেছে। জমির আইলে বা উঁচু কোথাও ইঁদুরের গর্ত থাকার কোনো জায়গা না থাকলেও জমির মাঝখানে গিয়ে তারা ধান কাটছে। এই সময় ধানের গাছ নরম ও মিষ্টি হয়, সে কারণে ইঁদুর ধান গাছ কেটে নরম অংশ খেয়ে ফেলছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ ধরনের খবর পেয়েছি। প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন। তাঁরা প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের ইঁদুর মারার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। ইঁদুর খুবই বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী।’ তিনি আরও বলেন, জমির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একধরনের পাখি রয়েছে যে পাখি ইঁদুর ধরে খেয়ে ফেলে। তাদের জমিতে বসার জন্য ব্যবস্থা করতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫