বগুড়ায় গত বছর যে রোমানা জাতের আলুবীজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এবার তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ টাকা। একই হারে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে পাকড়ি, কার্ডিনাল, ক্যারেস ও সাদা জাতের আলুবীজের। শুধু যে বীজের দাম বেড়েছে তা নয়, সারের দামও প্রতি বস্তায় বেড়েছে অন্তত ২০০ টাকা। ফলে এবার আলু চাষের খরচ অনেক বেড়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। খরচ সামাল দিতে গিয়ে তাঁদের বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়ায় অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মূলত আগাম জাতের (আগুর) আলুর চাষ হয়। এ সময় কৃষকেরা ভিটামাটিতে (তুলনামূলক উঁচু জমি) আলু রোপণ করেন। আর নভেম্বরের মাঝামাঝি থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে ধানি জমিতে করা হয় মৌসুমি আলুর চাষ।
মাঠপর্যায়ের কৃষক এবং বগুড়ার কয়েকটি হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বীজ আলুর দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পাইকারি হাটে এখন প্রতি মণ রোমানা জাতের আলুবীজ ৩ হাজার থেকে ৩ হাজার ২০০, পাকড়ি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার, ক্যারেস ২ হাজার ৮০০, কার্ডিনাল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ এবং সাদা জাতের আলুবীজ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ একই জাতের আলুবীজ বিক্রি হয়েছে প্রায় অর্ধেক দামে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাটের বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, ‘গত বছর রোমানা জাতের আলুবীজের দাম ছিল ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা মণ, পাকড়ি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০, ক্যারেস ১ হাজার থেকে ১ হাজার ২০০, কার্ডিনাল ৮০০ থেকে ৯০০ এবং সাদা জাতের আলুবীজের দাম ছিল ৬০০ থেকে ৮০০ টাকা মণ।’
কৃষকেরা জানান, প্রতি বিঘায় বীজের প্রয়োজন আড়াই থেকে তিন মণ। হাল চাষ দিতে হয় তিন থেকে পাঁচবার, প্রতি বিঘায় ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের প্রয়োজন হয় ৩০ কেজি করে, টিএসপি ২৫ কেজি, জৈব সার (শুকনো গোবর) ৩০ ভাঁড়, সেচ দিতে হয় ৪ বার। এ ছাড়া রোপণে প্রতি বিঘায় শ্রমিক লাগে চারজন এবং সারি বাঁধাইয়ের জন্য পাঁচজন। এই হিসাবে বিঘাপ্রতি খরচ পড়ে ২০ থেকে ২১ হাজার টাকা। এর সঙ্গে কৃষক জমি পত্তনি নিলে তার বিনিময়ে অতিরিক্ত টাকা দিতে হবে।
বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, ‘বীজ আলুর দাম যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সারের দাম। গত বছরের চেয়ে এবার বস্তাপ্রতি ২০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে।’
শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চকভোলাখা গ্রামের কৃষক শাহীনুর আলম জানান, গত বছরের চেয়ে এবার সব ধরনের সারের দাম বেড়েছে।
এ বিষয়ে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবর রহমান বলেন, ‘কৃষক বাজারে ফসলের ভালো দাম পেলে উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও চাষাবাদে এর তেমন কোনো প্রভাব পড়বে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫