কালাচানকে দেখে এতটাই ভালো লেগেছিল যে কোনো কিছু না ভেবে তাকে কিনে বাড়ি ফেরেন মো. আল আমিন। ১ লাখ ৬৫ হাজার টাকায় কেনা সেই কালাচানকে আদর-স্নেহে বড় করেছেন তিন বছর ধরে। বলতে বলতে আবেগে কণ্ঠ ভারী হয়ে আসে আল আমিনের। ফ্রিজিয়ান আর ব্রাহামার ক্রস এই কালাচান।পরে শাহিওয়াল জাতের লালচানকেও নিয়ে আসেন তিনি ৪৪ হাজার টাকায়। অনেক আদরের সেই কালাচান আর লালচানকে হাটে তুলেছেন আল আমিন।
রাজধানীর গাবতলী পশুর হাটে গতকাল বৃহস্পতিবার গিয়ে আল আমিনের সঙ্গে কথা হয়। সঙ্গে তাঁর ভাই মো. রোমানও এসেছেন। রোমান আজকের পত্রিকাকে বলেন, ‘কালাচান সারা রাত দাঁড়াই ছিল, বালুর মধ্যে ও শোয় না। অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। পরে সকালে দুইডা ফোম আনার পর শুইছে।’ বলতে বলতে রোমানেরও গলা ধরে আসে। সিরাজগঞ্জ থেকে আসা এই দুই সহোদর জানান, কালাচানের ওজন ১ হাজার ৭৫ কেজি। দাম হাঁকছেন সাড়ে ১২ লাখ টাকা। আর শাহিওয়াল লালচানের ওজন ৯৮০ কেজি। দাম চাচ্ছেন ৯ লাখ টাকা।
গত বুধবার রাত থেকেই গাবতলীসহ বিভিন্ন হাটে এভাবে আদরের লালচান-কালাচানদের আনতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার খামারিরা। গরুর পাশাপাশি এরই মধ্যে হাটে উঠেছে প্রচুর ছাগলও। এ ছাড়া হাটের বিশেষ আকর্ষণ হিসেবে আছে দুম্বা। ৩ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এসব দুম্বা। গাড়ল আর মহিষও উত্তেজনা ছড়াচ্ছে। একেকটি মহিষ ৩ লাখ ২০ হাজার থেকে সাড়ে ১২ লাখ টাকা দাম হাঁকছেন ব্যাপারীরা। আর গাড়ল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়।
যশোর থেকে আসা মতিয়ার হোসেন বলেন, গত বছর ৩৯টি গরু এনেছিলেন। সব বিক্রি হয়ে গিয়েছিল। এবার ২৯টি গরুর মধ্যে ১২টি এনেছেন। বাকি গরুগুলো আজ শুক্রবার আনবেন। ২৯টি গরুর জন্য জায়গার ভাড়া দিতে হবে ১ লাখ টাকা। সবচেয়ে ছোট গরুটির দাম চাচ্ছেন তিনি ২ লাখ টাকা। সাড়ে ৫ মণ মাংস হবে। আর বড় গরুগুলোর মধ্যে ৯০০ কেজি ওজনেরটার দাম চাইছেন ১১ লাখ টাকা।
কুষ্টিয়ার ব্যবসায়ী মো. নূরে আলম জানান, এবার ৬০টি ছাগল এনেছেন। ছোট ছাগলগুলো ১৮ হাজার টাকায় কেনা পড়ছে। ১৮ কেজি মাংস হবে। বড় ছাগলগুলো ১ মণের বেশি হবে, ৪৫ হাজার টাকার মতো কেনা পড়েছে।
গাবতলীর হাটে হাসিল আদায়কারী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন হাসিল সাড়ে ৩ শতাংশ। আর সরকার-নির্ধারিত হাট শুরু হলে ৫ শতাংশ হাসিল আদায় করা হবে। এখন যাঁরা কিনবেন, তাঁরা দেড় শতাংশ হাসিল ছাড় পাবেন।
এদিকে বাড়িতে যাঁদের জায়গা আছে, তাঁরা এরই মধ্যে কোরবানির পশু কিনতে শুরু করেছেন। সকালে গাবতলীর হাট থেকে আদাবরের বাসিন্দা হাজি ফোরকান ১ লাখ ৪৫ হাজার টাকায় একটি ষাঁড় কিনেছেন। আর মণিপুরিপাড়ার বকুল বিশ্বাস গরু কিনেছেন ১ লাখ ৮ হাজার টাকায়। গাবতলী থেকে মেরাদিয়া যাওয়ার পথে হাতিরঝিলের পাশে সাব্বির আহমেদ নামের একজনকে দেখা যায়, গরুকে ঘাস খাওয়াতে বের হয়েছেন। তিনি জানান, ৮৫ হাজার টাকায় দুদিন আগে গরুটি কিনেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরাদিয়া হাটে গিয়ে দেখা যায়, হাটে এরই মধ্যে অনেক পশু উঠেছে। চুয়াডাঙ্গা থেকে আসা ব্যাপারী শাহীন আলম বলেন, এবার তিনটি গরু এনেছেন। একেকটির ওজন ৬-৭ মণ করে হবে। দাম চাচ্ছেন ২ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা। মেহেরপুরের ব্যবসায়ী নফর আলী গরু এনেছেন চারটি, দাম হাঁকছেন ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫