চট্টগ্রাম নগরীর ওয়াসা ভবনের পশ্চিম পাশে সড়কের পাশ ঘেঁষে ছোট্ট একটি দোকান। নাম ‘আলীর পানের দোকান’। এখানে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত পানের খিলি বিক্রি হয়। হরেক রকমের পান বিক্রি করে মাসে লাখ টাকা আয় করেন ৩৮ বছরের যুবক মোহাম্মদ আলী।
১২ বছরের বেশি সময় ধরে পান বিক্রির সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী। ঢাকায় একটি পানের দোকানে কাজ শিখে চট্টগ্রামে ছোট ভাই সাইদুলকে নিয়ে ৫ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করেন।
আলীর পান দোকানে গিয়ে দেখা গেছে, নজরকাড়া ছোট ছোট পানের মসলার বয়াম সাজিয়ে রেখেছেন। এসব বয়ামে বাদাম, কাজু বাদাম, নারকেল, মোরব্বা, কালোজিরা, ধনে, মিষ্টি জিরা, পিপার মেন, কয়েক ধরনের হালুয়া, গাজরের হালুয়া, জেলি, মধু, সুইচ বল, খেজুর, নারকেলের মিষ্টি, মিষ্টি সুপারি, চেরি ফল, ২০ ধরনের মসলা দিয়ে তৈরি বিশেষ মিক্সচার রয়েছে।
এখানে শাহি পান ১০০ টাকা, মহেশখালীর পান ৫০ টাকা, লাভ পান ৪০ টাকা, বেনারসি পান ৩০ টাকা, সুইঙ্গেম পান ২০ টাকায় বিক্রি হয়।
কাজির দেউড়ি মোড় থেকে আলীর দোকানে নিত্য পান খেতে আসেন আবু বকর। তিনি বলেন, ‘আলীর পানের জুড়ি নেই। সুস্বাদু মসলা দিয়ে সে পান বানায়। বন্ধুবান্ধব নিয়ে এসে একেকদিন একেকটা আইটেমের স্বাদ নিই।’
কলেজশিক্ষক আলী আজগর চৌধুরী বলেন, ‘বাসার পাশে হওয়ায় আমি প্রায় ওর দোকান থেকে পান খাই। মেহমান আসলে বাসায়ও নিয়ে যাই। স্বাদ আর মানে বৈচিত্র্য আছে।’
মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন গড়ে৬-৭ হাজার টাকা বিক্রি হয়। সবচেয়ে বেশি বিক্রি হয় মহেশখালীর সুইঙ্গেম পান। পান বিক্রি করে আমি এখন স্বাবলম্বী। আমার দোকানের সুনাম পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা শহরের অভিজাত কমিউনিটি সেন্টারগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে পান খাওয়ানোর কন্ট্রাক্ট নিয়ে থাকি। তখন ১০-১৫ হাজার টাকা পর্যন্ত পাই।’










