Ajker Patrika

শখ থেকে সাফল্যের সোপানে

নাজমুল হাসান, চট্টগ্রাম
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ৫২
শখ থেকে সাফল্যের সোপানে

ভ্রমণবিষয়ক ভিন্নধর্মী ভিডিওর জন্য সারা দেশে বেশ জনপ্রিয় ইউটিউবার ফাহিম শাহরিয়ার। তবে অন্য দশজনের মতো স্বাভাবিক জীবন ছিল না তাঁর। জন্মগতভাবে বাম হাতে আঙুল ছিল না ফাহিমের। যে কারণে দুশ্চিন্তায় ছিলেন তাঁর বাবা-মা ও স্বজনেরা। তবে ফাহিমের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী কার্মকাণ্ডে সে সব দুশ্চিন্তা আজ অতীত। শখের বসে ইউটিউবে ভ্রমণের ভিডিওচিত্র দেওয়া শুরু করেছিলেন তিনি। এখন সেখান থেকেই প্রতি মাসে প্রায় ৮০ হাজার টাকা উপার্জন করেন। এ ছাড়া বিভিন্ন ডকুমেন্টারি ও ড্রোন ভাড়া দিয়ে আরও ২০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় ফাহিমের।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়ারছড়া ইউনিয়নে বাড়ি। ওই এলাকার মো. ফারুক ও লায়লা মন্নুজান দম্পতির ছেলে ফাহিম ২০১৬ সালের এপ্রিলে ইউটিউবে একটি চ্যানেল খোলেন। এরপর সেখানে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। অল্প সময়ে খুব জনপ্রিয় হয়ে ওঠে তাঁর ভিডিওগুলো। বর্তমানে ‘নব রস’ ও ‘ফাহিম শাহরিয়ার’ নামে দুটি ইউটিউব চ্যানেল আছে। এই দুটি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যে তিন লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে জীবনের সংগ্রামী গল্প তুলে ধরেন ফাহিম। ২০০৭ সালে একমাত্র বোন ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হতাশায় ভেঙে পড়ে তাঁর পরিবার। তবে এতেও আত্মবিশ্বাস হারাননি। উচ্চমাধ্যমিক পাসের বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএস করছেন ফাহিম। সমুদ্র, পাহাড় ও ঝরনা দেখে বেড়ে ওঠা এই তরুণ দারুণ রোমাঞ্চপ্রিয়। তিনি এরই মধ্যে সুন্দরবন, সাজেকের প্রত্যন্ত আদিবাসী গ্রাম, বান্দরবানের তাজিংডং, সেন্ট মার্টিন ও সুনামগঞ্জের রাতারগুল সোয়াম্প ফরেস্টসহ দেশের বহু অঞ্চল ভ্রমণ করেছেন।

ফাহিম শাহরিয়ার বলেন, ‘২০১৮ সালে পরিবারের অনুরোধে একটি প্রাইভেট কোম্পানিতে ভিডিও এডিটর হিসেবে যোগ দিই। সেখানে কাজ করার সময় কিছু টাকা জমিয়ে একটা ছোট অ্যাকশন ক্যামেরা কিনি। যেহেতু আমার বাম হাতে আঙুল নেই, তাই এই ক্যামেরা কেনা। বড় ক্যামেরা ধরতে পারি না, এই ক্যামেরা গ্লাভসের মতো করে হাতের কবজিতে বাঁধা যায়।’

সেই ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র ইউটিউবে আপলোড করতে থাকেন ফাহিম। এ সব তাঁর বন্ধু-বান্ধব ও প্রতিবেশী পছন্দ করতে থাকেন। পরে এসব ভিডিওর দর্শক বাড়তে থাকে।

ফাহিম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা আমাকে দমাতে পারেনি। এক হাত দিয়ে রশি ধরে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নেমে এসেছি। পানির নিচে স্কুবা ডাইভিং, মোটরবাইক ও গাড়ি চালানো এবং ড্রোন চালানোর মতো কঠিন কাজও করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত