Ajker Patrika

বিএনপি টিকে থাকবে কীভাবে: প্রধানমন্ত্রী

বাসস, লন্ডন
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ২০
বিএনপি টিকে থাকবে কীভাবে: প্রধানমন্ত্রী

অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?

গতকাল সোমবার কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে (ইউকে) বসবাসরত প্রবাসী বাংলাদেশি জনগণের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। লন্ডনে তাঁর বাসস্থান থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত। শুধু আমাদেরই (সরকার) নয়, খালেদা জিয়ার ছেলেদের এই দুর্নীতির চিত্র আমেরিকার এফবিআইয়ের করা তদন্তে উঠে এসেছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচারকৃত কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।’ ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাদের (খালেদা জিয়া ও তাঁর ছেলেদের) কোনো দেশপ্রেম ছিল না; বরং তাদের চিন্তা ছিল ক্ষমতা ভোগ এবং লুটপাট করা।

শেখ হাসিনা লন্ডনে তাঁদের (তারেক রহমান) বিলাসবহুল জীবনযাপন ও আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি (খালেদা জিয়া) ক্ষমতায় এসে হাওয়া ভবন চালুর মাধ্যমে লুটপাটের রাজত্ব কায়েম এবং লুটেপুটে খাওয়া-দাওয়া শুরু করে। দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে। ওই সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাভাবিকভাবে, জনগণ সামনের দিকে অগ্রসর হতে চায়, আমি কখনো জনগণকে পেছনের দিকে যেতে দেখিনি। কিন্তু তারা সেটাই করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে ক্ষমতায় আসেনি। আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে ক্ষমতায় এসেছি। এটিই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ তিনি ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। সারা দেশে এসব অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা (প্রবাসীরা) বিনিয়োগ করতে চাইলে, বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। আমরা তা করব।’

তাঁর সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা দেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়লে সে ব্যাপারে তাঁকে অবহিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং আশ্বাস দেন, যেকোনো সমস্যার সমাধান তিনি করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশিরা যাতে অন্য দেশেও বিনিয়োগ করতে পারেন, সরকার সেটিরও পথ সুগম করবে।

৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং ১৯৭৫ সালের পর ১৯ বার সামরিক অভ্যুত্থান ঘটানো হয়। প্রতিবার অভ্যুত্থানকালে জিয়াউর রহমান সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর হাজার হাজার কর্মকর্তা ও সৈন্যকে নির্মমভাবে হত্যা করেন। প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হচ্ছে সৈনিক হত্যা দিবস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত