ঈদুল আজহায় গত বছর দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় এবার সংখ্যা আরও বাড়তে পারে। এ জন্য আসন্ন কোরবানির ঈদে পশুর চাহিদা গতবারের চেয়ে পাঁচ লাখ বেশি নিরূপণ করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চাহিদা বাড়লেও কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন খামারিরা। তবে তাদের ভয় পথেঘাটে চাঁদাবাজি নিয়ে। এ অবস্থায় কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে পশুর সম্ভাব্য চাহিদা এক কোটি পাঁচ লাখ। এর বিপরীতে প্রস্তুত আছে ১ কোটি ২৫ লাখের বেশি গবাদিপশু। মাঠপর্যায় থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, এবার কোরবানিযোগ্য প্রায় ৪৮ লাখ ৪৪ হাজার গরু-মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া ও আড়াই হাজার অন্যান্য প্রজাতির পশু প্রস্তুত রয়েছে।
জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) চিকিৎসক মো. এমদাদুল হক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এ কারণে অন্যান্য বছরের তুলনায় এবার পশু কোরবানি বাড়তে পারে। গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলে এ বছর ১ কোটি ২৫ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। এটি গতবারের চেয়ে অন্তত ২৫ লাখ বেশি।’
এদিকে কোরবানিযোগ্য পশুর জোগান বাড়লেও তা হাটে পরিবহনকালে চাঁদাবাজি নিয়ে আশঙ্কায় আছেন খামারিরা। তাদের মতে, চাঁদাবাজির পাশাপাশি অন্তত দুটি হাটের খাজনা দেওয়ার পরই কেবল ভোক্তার হাতে একটি কোরবানির পশু তুলে দেওয়া সম্ভব হয়। এতে পশুর দামও বেড়ে যায়, যা কোরবানিদাতাদের খরচ বাড়িয়ে দেয়। এ অবস্থায় কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানাবে খামারিদের সংগঠন বিডিএফএ। আজ বুধবার এ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় সভায় এ দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিডিএফএ সভাপতি ও সাদিক অ্যাগ্রোর কর্ণধার মো. ইমরান হোসেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কোরবানির পশুর ট্রাকে বেপরোয়া চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। সড়ক-মহাসড়কে অমুক-তমুক ইজারাদার লেখা হলুদ পোশাকের লোকজন “ঈদ বকশিশ” নামে চাঁদাবাজিতে নামে। সুযোগ পেলে ৮-১০ জন মিলে পশুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করে। এদের দেখার কেউ নেই। পাশাপাশি গ্রাম থেকে শহরে পশু আনতে গেলে স্থানীয় হাট কর্তৃপক্ষ খাজনা নেয়, আবার শহরের হাটেও খাজনা দিতে হয়। এবারের আন্তমন্ত্রণালয় সভায় আমরা এর প্রতিকার চাইব।’
তবে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক প্রতিকার পেতে ৯৯৯ নম্বরের সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খামারিরা কোরবানির পশুভর্তি ট্রাকে চাঁদাবাজির কথা বলেছেন। আমরা বুধবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও অংশীজনদের নিয়ে বৈঠক করব। সেখানে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হবে। তবে আমি মনে করি, এ ধরনের চাঁদাবাজি বন্ধে জনগণকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে আমরা ৯৯৯-এর সহায়তা নিতে পারি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫