Ajker Patrika

খুদে সাঁতারুর বাজিমাত

হোসাইন জিয়াদ, চট্টগ্রাম
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮: ৩৪
খুদে সাঁতারুর বাজিমাত

বয়স মাত্র দশ বছর। কিন্তু এ বয়সেই রপ্ত করে নিয়েছেন পানি কেটে অবিশ্বাস্য গতিতে ছুটে যাওয়ার কৌশল। জাতীয় পর্যায়ে এ খুদে সাঁতারু পাঁচটি স্বর্ণপদক আর একটি ব্রোঞ্জ পদকেরও মালিক হয়েছে। জেলা পর্যায়ে ছোটখাটো অনেক অর্জন তো আছেই। গল্পটা চট্টগ্রামের ছোট্ট সাঁতারু তৌফিকের।

নগরীর সালেহ জহুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মোহাম্মদ তৌফিক। অক্টোবর মাসে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৪ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৮-১০ বছর ক্যাটাগরিতে চট্টগ্রামের পক্ষে প্রতিনিধিত্ব করে তৌফিক। এটিই তার জীবনে প্রথমবার জাতীয় কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া। এবার প্রতিযোগিতায় মোট ছয় ধরনের সাঁতারে অংশ নেয় তৌফিক। সবাইকে অবাক করে সম বয়সীদের ১০ -১৫ মিটার পেছনে ফেলেই পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক জিতে নেয় এ শিশু। এমন অসাধারণ সাফল্যের পেছনের গল্পটা কী? জানতে চেয়েছিলাম তৌফিকের বাবা মো. এনামের কাছে।

মো. এনাম বললেন, ‘আমাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে। হাওর এলাকা। আমরা বংশ পরম্পরায় সাঁতারু বলতে পারেন। আমার বাবা আবুল হাসেমকে সবাই নিকলীতে সাঁতারের গুরু বলে জানে। তিনি নিকলীতে একটি সুইমিং ক্লাব গঠন করেছেন ২৭ বছর আগে। আমি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতারের প্রশিক্ষক, আমার ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে সাঁতারের প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তৌফিকেরও আগ্রহ সাঁতারকে ঘিরেই।’

মো. এনামের কাছ থেকে জানা গেল তৌফিক চার বছর বয়স থেকেই সাঁতার কাটা শিখে। এরপর বাবার হাত ধরেই শুরু হয় একাডেমিক প্রশিক্ষণ। ছেলের এমন সাফল্যে অনুভূতি কেমন? জানতে চাইলে প্রাণখোলা হাসি দিয়ে এ প্রশিক্ষক বলেন, ‘গর্বে বুক অনেক বড় হয়ে যাচ্ছে। প্রশিক্ষক হিসেবে বলতে পারি এটা আল্লাহ প্রদত্ত প্রতিভা। কিন্তু বড় সমস্যা হলো চট্টগ্রামে ভালো প্রশিক্ষক নেই। এ ছাড়া সুইমিংপুলে মাসে দুই হাজার টাকা দিতে হয়। আমি চাই তার প্রশিক্ষণে সরকারি কোনো সংস্থা এগিয়ে আসুক।’

চট্টগ্রাম জেলা সুইমিং দলের ম্যানেজার মো. রায়হান বলেন, তার সাফল্য দেখে বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপিসহ অনেক প্রতিষ্ঠান ও সংস্থা নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু তৌফিক আমাদের গর্ব।

জীবনে প্রথম এত বড় সাফল্য কেমন লাগছে তৌফিকের? জানতে চাইলে বলে, পুরস্কার জিতে অনেক ভালো লাগছে। সবার দোয়া আর সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাব, এটাই স্বপ্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত