Ajker Patrika

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়বে গরম

আজকের পত্রিকা ডেস্ক­
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়বে গরম
ফাইল ছবি

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে। তবে মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ শুক্রবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গতকাল রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় যা ছিল ২৫ দশমিক ২।

এ ছাড়া ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত