Ajker Patrika

কারাগারে নাট্যপ্রযোজক সরোয়ার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কারাগারে নাট্যপ্রযোজক সরোয়ার
নাট্যপ্রযোজক সরোয়ার জাহান। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্যপ্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ।

গতকাল সোমবার (২৩ মার্চ) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তোলা হয়। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে ১৮ মার্চ ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। সি আর মামলাটির নম্বর ১৯৪/২৬। মামলার এজাহারে রুকাইয়া তাহসিনা অভিযোগ করেন, সরোয়ার জাহান তাঁর সাবেক স্বামী। তাঁদের একমাত্র সন্তান মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হলে শুরু থেকেই সন্তানের দায়িত্ব পালনে অস্বীকার করছেন সরোয়ার।

এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে সন্তানের ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর ভারতের চেন্নাইয়ে ‘প্রোটন বিম থেরাপি’ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ওই সময় রুকাইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁর পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে নেন আসামি, ফলে বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত হয়।

অভিযোগ অনুযায়ী, একই বছরের ৩০ অক্টোবর সরোয়ার জাহান ভাড়াটে লোকজন নিয়ে কাফরুলে বাদীর বাসায় প্রবেশ করে বাদীর মা ও বোনকে মারধর করেন। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় কাফরুল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রুকাইয়ার অভিযোগ, পারিবারিক আদালত সন্তানের চিকিৎসার ব্যয় বহনের নির্দেশ দিলেও গত বছরের আগস্ট থেকে সরোয়ার তা বন্ধ করে দেন। একই সঙ্গে, রিয়া বর্মণ নামের একজন মডেলের সঙ্গে পরকীয়া সম্পর্ক আড়াল করতে রুকাইয়াকে নানা সময়ে হুমকি দেন। রুকাইয়া তাহসিনা বলেন, ‘আমি চাই অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক। অন্যায়ের সুষ্ঠু বিচার হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত