ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি। ২০২৩ সালের জানুয়ারিতে ‘কাইজার: লেভেল টু’ নির্মাণের ঘোষণা দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি সিরিজটির কাজ। অবশেষে নির্মাতা জানালেন কাইজারের সিকুয়েল না হওয়ার কারণ। মূলত ওটিটি প্ল্যাটফর্মের অনাগ্রহের কারণে সিরিজটির সিকুয়েল নিয়ে এগোতে পারেননি নির্মাতা।
নিজের নির্মিত সিরিজ হলেও কপিরাইট না থাকায় কাইজারের সিকুয়েল নির্মাণ না করার দুঃখ বয়ে বেড়াচ্ছেন তানিম নূর। সেই কষ্ট থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্মাতাদের পরামর্শ দিয়েছেন নিজের গল্পের কপিরাইট নিজের কাছে রাখতে। ফেসবুকে তানিম নূর লেখেন, ‘আমার অভিজ্ঞতা বলে আইপি রাইটস বা মেধাসম্পদ অধিকার হলো ক্রিয়েটিভ ফ্রিডম আর ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। গল্পের রাইটস নিজের কাছে থাকলে প্রযোজক বা ওটিটি প্ল্যাটফর্ম চাইলেই আপনার স্ক্রিপ্ট বা চরিত্র নিজের মতো বদলে ফেলতে পারবে না বা অন্য কাউকে দিয়ে বানাতে পারবে না। সিনেমা বা সিরিজ বানানোর লোভে বিনা মূল্যে বিক্রি করে দেওয়ার চেয়ে আইপি নিজের কাছে রাখলে ওটিটি লাইসেন্সিং, সিকুয়েল কিংবা রিমেক থেকে সারা জীবন রয়্যালটি আসতে থাকে। তাই কাজের স্বত্ব নিজের কাছে রাখুন, নিজের গল্প বা চরিত্রকে স্থায়ী সম্পদ বানান। আমার মতো ভুল ভুলেও করবেন না।’
সেই পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘কাইজার ২’ চাই। উত্তরে তানিম জানান, কাইজার আর করা হবে না তাঁর। বহুবার করতে চাইলেও কপিরাইট না থাকায় তা সম্ভব হয়নি। তাঁর কাছে কপিরাইট থাকলে এত দিনে কাইজার ২, ৩; এমনকি সিনেমাও চলে আসত।
এ বিষয়ে আজকের পত্রিকাকে তানিম নূর বলেন, ‘যা বলার তা ফেসবুকে বলে দিয়েছি। নতুন করে আর কিছু বলার নেই। মূল কথা হলো, কাইজারের কপিরাইট হইচইয়ের কাছে, তাই আমার কিছু করার নেই।’
কাইজারের সিকুয়েল বানাতে না পারলেও গত দুই বছরে তিনি বানিয়েছেন দুটি সিনেমা ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। দুটি সিনেমাই প্রশংসিত হয়েছে এবং প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে। এখন নতুন প্রজেক্ট নিয়ে ভাবছেন তিনি। সেখানেই পূর্ণ মনোযোগ দিতে চান তানিম নূর।

প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
১৫ মিনিট আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
২৪ মিনিট আগে
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
২৫ মিনিট আগে
‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১ দিন আগে