
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ১.২৩ বিলিয়ন ডলার। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সুবাদে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালদানা। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে মোট ১৫.৪৬ বিলিয়ন ডলার আয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া তিনি একমাত্র অভিনেত্রী যাঁর অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলার আয় করেছে।
অ্যাভাটার সিনেমার কল্যাণেই সর্বকালের আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হলেন জো সালদানা। অ্যাভাটারের তিন কিস্তিতেই অভিনয় করেছেন তিনি। প্রতিটি পর্ব পেরিয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক। যার মধ্যে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’, ২০২২ সালে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ রয়েছে সর্বকালের সবচেয়ে আয়কারী সিনেমার তালিকার প্রথম ও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ সিনেমারও অভিনেত্রী সালদানা। ২ বিলিয়ন ডলার আয় করা সালদানা অভিনীত অন্য সিনেমাটির নাম ‘অ্যাভেঞ্জার ইনফিটি ওয়ার’। সালদানা অভিনীত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ও আয় করেছে ১ বিলিয়ন ডলার।
নতুন রেকর্ড গড়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালদানা। অভিনেত্রী বলেন, ‘এটি এমন একটি অর্জন যা অসাধারণ ফ্রাঞ্চাইজি এবং সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যা আমি দেখিনি এবং সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা দিয়েছেন। দর্শকদের ধন্যবাদ। এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না যদি তাঁরা উৎসাহ নিয়ে না আসতেন সিনেমা দেখতে। এই অর্জন আমাদের সবার এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত।’
ভিডিও বার্তায় জো সালদানা জানান, তিনি চান ভবিষ্যতে এই রেকর্ড কোনো নারী অভিনয়শিল্পী ভাঙুক। সব মিলিয়ে ২০২৫ সালটি দারুণ কেটেছে জো সালদানার। গত বছরের মার্চে অস্কারে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য প্রথম ডোমিনিকান আমেরিকান হিসেবে তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন।

বিচারহীনতা, অবহেলা আর প্রান্তিক মানুষের জীবনের না বলা গল্প নিয়ে নির্মিত ‘আদম সুরত’-এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
কয়েক বছর আগেই অভিনয় ছেড়েছেন তাহসান খান। গত বছর ঘোষণা দিয়ে ছেড়েছেন গান। আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া গান আর কনসার্টে পাওয়া গেলেও নতুন কোনো গান বা নাটকের খবরে পাওয়া যায়নি তাহসানের নাম। তবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজিত ‘ফ্যামিলি ফিউড’ নামের একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তাহসান।
১ দিন আগে
নতুন নাট্যদল ‘থিয়েট্রিক্যাল কোম্পানি’ তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’। ২৩ ও ২৪ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
অবশেষে কাটল সব অনিশ্চয়তা ও জটিলতা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের বাধা পেরিয়ে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।
১ দিন আগে