Ajker Patrika
সাক্ষাৎকার

আমার সিনেমাগুলো দায়সারাভাবে মুক্তি পাচ্ছে: জিয়াউল রোশান

আমার সিনেমাগুলো দায়সারাভাবে মুক্তি পাচ্ছে: জিয়াউল রোশান

জিয়াউল রোশান অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে ৮ মে। তবে প্রচারে নেই নায়ক। এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি, সিনেমা মুক্তির বিষয়ে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি—এমন অনেক অভিযোগ রোশানের। তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

৮ মে মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’। প্রথমে প্রচারে না থাকলেও শেষ মুহূর্তে সিনেমার ট্রেলার শেয়ার করলেন ফেসবুকে। অভিমান কি ভাঙল তাহলে?

বিষয়টি অভিমান ভাঙার নয়। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ট্রেলার ও হল লিস্ট শেয়ার করেছি। আমাদের অনেক প্রযোজক আছেন, যাঁরা সিনেমা বানান, কিন্তু সেই সিনেমা কীভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়, তা জানেন না। অনেক সিনেমার ক্ষেত্রেই আমি এ ধরনের পরিস্থিতির মুখে পড়েছি।

সর্দারবাড়ির খেলা মুক্তির আগে নির্মাতার সঙ্গে আপনার কোনো আলাপ হয়নি?

একেবারেই না। শুধু আমি না, বুবলীও বিষয়টি জানত না। আমাদেরকে না জানিয়েই ট্রেলার রিলিজ করে মুক্তির ঘোষণা দিয়ে দেওয়া হয়। এটার মানে কী দাঁড়ায়? সিনেমার মুক্তির ক্ষেত্রে নায়ক-নায়িকার প্রয়োজন নেই?

আপনার পারিশ্রমিকের পুরো টাকা পাননি বলে জানিয়েছিলেন। বিষয়টির কি সমাধান হয়েছে?

এখনো সমাধান হয়নি। চুক্তি অনুযায়ী ডাবিংয়ের আগে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা বুঝে পাইনি। নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেও সমাধান না পেয়ে শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রদর্শক সমিতিতে বিষয়টি জানিয়েছি। তাঁরা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

সর্দারবাড়ির খেলা নিয়ে দর্শকদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এটার কারণ কী হতে পারে?

চমৎকার গল্পের একটি সিনেমা। কিন্তু দর্শকদের তো জানাতে হবে। প্রচারের মাধ্যমে তাঁদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। এ বিষয়গুলো প্রযোজককে কে বোঝাবে? সত্যি বলতে যেভাবে সর্দারবাড়ির খেলা মুক্তি পেয়েছে, এই প্রসেসে সিনেমা হিট করানো যায় না। পুরো বিষয়টি নিয়ে আমি খুব হতাশ।

এই সিনেমার শুটিং শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। এর মাঝে মুক্তি নিয়ে নির্মাতার সঙ্গে আলাপ করেছিলেন?

দুই বছর আগে ঈদে রিলিজ করার জন্য প্রযোজককে বলেছিলাম। কিন্তু তিনি খুব অপেশাদার আচরণ করেন।

কিন্তু ঈদ উৎসবের বাইরেও তো সিনেমা মুক্তি প্রয়োজন...

আমিও চাই ঈদের বাইরে সারা বছর সিনেমা মুক্তি পাক। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই, মানুষ এখন ঈদ উৎসবেই সিনেমা দেখে। ঈদে শাকিব ভাইয়ের সিনেমা মুক্তি পায়, হল পেতে কষ্ট হয়ে যায়। কিন্তু অন্য সিনেমাগুলোও তো চলছে। আর ঈদের বাইরে সিনেমা মুক্তি দিতে হলে অনেক প্রচার করতে হবে। পরিপূর্ণ প্রস্তুতি থাকতে হবে।

সর্দারবাড়ির খেলা ছাড়াও এর আগে বিভিন্ন সিনেমার প্রচার নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন...

সিনেমার প্রচারের ক্ষেত্রে আমার ভাগ্য সহায় হচ্ছে না। জানি না কেন আমার সঙ্গেই বারবার এমনটা হচ্ছে! কপাল খারাপ বলা যায়। আমি তো ওভাররেটেড মানুষ না, আন্ডাররেটেড মানুষ। আমার সিনেমাগুলো কেন জানি প্রযোজকেরা ভালোভাবে প্রচার করছেন না। অনেকটা দায়সারাভাবে মুক্তি পাচ্ছে। সর্বশেষ ভালো প্রচার হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। সেটা কিন্তু ভালো ব্যবসা করেছে। কারণ, মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল।

আপনার আরও একাধিক সিনেমা শুটিং শেষে আটকে আছে। সেগুলো নিয়ে কি নির্মাতাদের সঙ্গে কথা হয়?

আমি মনে করি, শুটিং শেষ করেই মুক্তির পরিকল্পনা করা উচিত। যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া প্রয়োজন। দিনের পর দিন ঝুলিয়ে রেখে নষ্ট করার কোনো মানে হয় না। এতে প্রযোজকের ব্যবসা খারাপ হয়, শিল্পীদের নাম খারাপ হয়। আটকে থাকা সিনেমাগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলছেন, মুক্তির সিদ্ধান্ত প্রযোজকের।

ভবিষ্যতে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে কি আরও সচেতন হবেন?

এখন থেকে সব বিষয়ে জেনে-বুঝে সিনেমা করব। সময়মতো শুটিং শেষ করা, মুক্তি দেওয়া, পরিকল্পনামাফিক প্রচার করতে পারবে কি না—এই বিষয়গুলো নিশ্চিত হয়েই চুক্তিবদ্ধ হতে চাই। এভাবে অপরিকল্পিতভাবে মুক্তি যেকোনো সিনেমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এটি সিনেমাকে ধ্বংস করে দেয়। সিনেমা না চললে দিন শেষে দোষ আমাদের শিল্পীদের ঘাড়েই পড়ে।

অনেক দিন আপনার নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছে না।

অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে-বলে মিলছে না। কারণ, আরও সিলেকটিভ হওয়ার চেষ্টা করছি। কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে। সবকিছু মিলে গেলেই সবাইকে জানাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

জঙ্গল সলিমপুরে হবে দুটি পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

হাজিরা খাতায় মা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে ক্লাস নেন ছেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত