
সাত দশক ধরে প্রতিবছর বলিউডের শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের পুরস্কার দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছরে এই পুরস্কারের গণ্ডি বড় হয়েছে। ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা আয়োজন। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এর মাধ্যমে বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন। সে সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পান তাঁরাও। গত বছর তালিকায় ছিলেন এ দেশের পাঁচ শিল্পী। তবে এবার কমেছে সে সংখ্যা। গতকাল বিকেলে প্রকাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দেখে নেওয়া যাক, কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলেন।
চঞ্চল চৌধুরী
প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তাঁর, তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে।
জয়া আহসান
ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন নয়। যেহেতু অনেক বছর ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন তিনি, ফলে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় তাঁর নাম থাকে। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন।
এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
মোশাররফ করিম
চঞ্চল চৌধুরী ও মোশাররফের নাম এসেছে একই বিভাগে—সেরা অভিনেতা (সমালোচক)। অর্থাৎ দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। মোশাররফ মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’য় অভিনয় করে। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমায় হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

এ বছর হুজ হু সম্মাননা পেলেন খ্যাতিমান অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
১১ ঘণ্টা আগে
২০১৬ সালে মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। মধ্যপ্রাচ্যে নিহত এক বাঙালির লাশ দেশে আনা নিয়ে সৃষ্ট জটিলতা, সেই ছোট জটিলতার বিশাল রূপ ধারণ, ভুক্তভোগী পরিবারের দুর্দশা, অপরিমেয় আক্ষেপের এক সহজ-সরল চিত্রায়ণ অজ্ঞাতনামা।
১১ ঘণ্টা আগে
চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রোজিনা। ২০২৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ওই বছরের ৩ মার্চ মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। গতকাল রোববার রোজিনা জানালেন, তাঁর দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। গল্প লিখছেন ছটকু আহমেদ।
১১ ঘণ্টা আগে
দৃষ্টিহীন হয়েও বাউলসংগীত ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছিলেন পশ্চিমবঙ্গের কানাই দাস বাউল। তাঁর কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান...
১১ ঘণ্টা আগে