
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এ উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। ২ ফেব্রুয়ারি রেজওয়ান রহমান সুমিতের ‘মাস্টার’ ও ৩ ফেব্রুয়ারি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে এ উৎসবে। উৎসব চলাকালীন সুখবর দিলেন দুই নির্মাতা সুমিত ও সুমন। জানালেন, রইদ ও মাস্টার সিনেমার সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান।
মাস্টার সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস। ‘চ্যাপলিন: স্পিরিট অব দ্য ট্র্যাম্প’সহ বেশ কিছু আন্তর্জাতিকভাবে সমাদৃত সিনেমার প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত এই প্রতিষ্ঠান।
এক বিবৃতিতে কোয়ানন ফিল্মসের দুই কর্ণধার কারমেন চ্যাপলিন ও অসীম ভাল্লা বলেন, ‘মাস্টার সিনেমায় সমাজের একটি বিরল দিক ফুটে উঠেছে, যা সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যায়। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও রাজনীতির অন্তর্নিহিত কথা রয়েছে এতে। এই সিনেমায় নির্মাতা সাহসীভাবে সর্বজনীন একটি গল্প বলতে চেয়েছেন। মাস্টার সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।’
রাজনৈতিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে মাস্টার। একটি উপজেলার স্থানীয় রাজনীতি এই সিনেমার প্রেক্ষাপট। সেখানকার এক স্কুলের ইতিহাসের শিক্ষক জহির এলাকায় আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। নির্বাচনে প্রার্থী হয় সে, জিতেও যায়। কিন্তু জয়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে। দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কর্তৃত্ববাদী ব্যক্তিতে পরিণত হয়।

মাস্টার সিনেমাটি প্রতিযোগিতা করছে রটারড্যাম উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। বিভিন্ন চরিত্রে আছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ। নির্মাতা রেজওয়ান রহমান সুমিত বলেন, ‘আমি এই সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছি, ক্ষমতা কীভাবে একজন ভালো মানুষের আবেগকেও ধ্বংস করে দেয়। বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর মনে হয়েছে, গল্পটা পর্দায় তুলে ধরার এটাই উপযুক্ত সময়।’
অন্যদিকে, রইদ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশীর প্রযোজনা প্রতিষ্ঠান উইডিশাস অরিজিনালস। ভ্যারাইটিকে অপূর্ব বকশী বলেন, ‘শক্তিশালী, পৌরাণিক ও মানবিক গল্পের সিনেমা রইদ। এটি আবেগকে একধরনের প্রাকৃতিক শক্তি হিসেবে উপস্থাপন করে। এতে যে দার্শনিক বার্তা রয়েছে, তা খুব কম সিনেমায় দেখা যায়। এই বিষয়টি আমাদের স্পর্শ করেছে।’
‘হাওয়া’র পর ‘রইদ’-এর গল্পেও প্রায় বিচ্ছিন্ন এক জনপদকে বেছে নিয়েছেন নির্মাতা সুমন। এতে দেখা যাবে, সাধু নামের এক পুরুষ বারবার তার স্ত্রীকে ত্যাগ করে, বিভিন্ন জায়গায় ফেলে আসে। তবে বাড়ির পাশের তালগাছ থেকে ফল পড়লেই স্ত্রী ফিরে আসে তার কাছে। পরিচালক সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’
রইদের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ অনেকে। রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা জায়গা পেয়েছে এ বিভাগে।
মাস্টার ও রইদ নিয়ে এখন রটারড্যাম উৎসবে আছেন দুই সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পী সুমিত, সুমন, নাসির উদ্দিন খান, বাঁধন, মম, তুষিরা। প্রতিটি প্রদর্শনীর পর দর্শকের সঙ্গে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তাঁরা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৩ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৩ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৩ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে