Ajker Patrika
এ সপ্তাহের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা
‘অন্যপাতা’ সিনেমার পোস্টার

গত সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের চার সিনেমা। এ সপ্তাহেও দেশের হলে আসছে নতুন দুই সিনেমা। আজ হলিউডের ‘ক্লেফেইস’ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে দেশের চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত অন্যপাতা’।

অন্যপাতা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।

অন্যপাতা সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান প্রমুখ। প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি। আজ থেকে দেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অন্যপাতা।

সিনেমাটি নিয়ে শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ।’

ক্লেফেইস

ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। এটি সাধারণ সুপারহিরো অ্যাকশন সিনেমা নয়। সিনেমাটির মূল আকর্ষণ হরর ও বডি হরর, যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়।

ক্লেফেইস সিনেমার গল্পে দেখা যাবে গোথাম শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা ম্যাট হ্যাগেন। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হয়। কিন্তু স্থানীয় এক অপরাধী চক্রের কবলে পড়লে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ—সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেয় সে। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে সে এমন এক সত্তায় পরিণত হয় যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে।

ক্লেফেইস পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। আজ সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত