Ajker Patrika

গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’
‘আন্ধার’ সিনেমার দৃশ্যে মোস্তফা মনওয়ার ও সিয়াম আহমেদ

কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল পূর্বঘোষিত সময় অনুযায়ী দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না রায়হান রাফীর ‘আন্ধার’। নির্মাতা-প্রযোজকও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলছিলেন না। অবশেষে মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে আন্ধারের মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল আন্ধার টিম। পাঁচ মাস পিছিয়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৬ মার্চ। ভিডিওতে নির্মাতাদের সঙ্গে ছিলেন সিনেমার তিন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।

মূলত ভিএফএক্সের কাজ শেষ না হওয়ার কারণেই দুর্গাপূজায় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘আন্ধার আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে বানানো কাজ। আমরা চাইলে ১৬ অক্টোবরেও সিনেমাটি রিলিজ দিতে পারতাম। কিন্তু তাতে ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মত হতো না। মানের ক্ষেত্রে দর্শকদের কোনো প্রকার ধোঁকা দিতে চাই না।’

‘আন্ধার’ সিনেমার পোস্টার

গত বছর শুটিং শেষে সিনেমাটি ২০২৬ সালেই মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল ঈদ উৎসব ছাড়া মুক্তি পাবে সিনেমাটি। সেপ্টেম্বরের শুরুতে টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় আগামী অক্টোবরে আসছে আন্ধার। তবে টিজার প্রকাশের পর আর কোনো প্রচার দেখা যায়নি। কয়েক দিন ধরে খবর ছড়ায় পূজায় নয়, ঈদেই মুক্তি দেওয়া হবে আন্ধার। ভিডিও বার্তায় সেই আলোচনাও শোনা গেল কলাকুশলীদের মধ্যে। তবে শেষ পর্যন্ত ঈদ নয়, সিনেমা মুক্তির জন্য বেছে নেওয়া হলো ভিন্ন সময়। কারণ, তাদের পক্ষ থেকে আগেই কথা দেওয়া হয়েছিল, ঈদ উৎসব ছাড়া ভিন্ন সময়ে মুক্তি দেওয়া হবে আন্ধার। নির্মাতা রাফী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা শেয়ার করলে বাধা দেন প্রযোজক শাকিব চৌধুরী। তিনি জানান, ওই সময়ে দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ এবং ‘ডিউন পার্ট থ্রি’। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নেন, ২০২৭ সালে দুই ঈদের মাঝামাঝি সময়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আন্ধার।

ভৌতিক ঘরানার আন্ধার তৈরি হচ্ছে দুই ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। আদনান আদিব খানকে নিয়ে চিত্রনাট্যও রচনা করেছেন তাঁরা। প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব। চঞ্চল, সিয়াম, তুষিদের সঙ্গে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, গাজী রাকায়েত, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত