
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।
২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন হিমেল। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’। এবার দেখলেন মুদ্রার উল্টোপিঠ। রাজকুমারের ব্যর্থতায় আবারও আড়ালে হিমেল। গতকাল নীরবতা ভেঙে জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।
তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’
হিমেল আশরাফ নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’
২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গত দুই বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। কাজ শেষ করেছেন ‘দরদ’ সিনেমার। তবে এই সময়ে মায়ার কোনো খবর দিতে পারেননি শাকিব। তিনি এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৪ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৬ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৬ ঘণ্টা আগে