যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেলেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের লিফ্ট (এলআইএফটি) প্রোগ্রামে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য তিনি মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন।

দ্য ওয়াটার রিডার্স নির্মাণের জন্য লিফ্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত পাঁচ নির্মাতার একজন হয়েছেন আহমেদ তাহসিন শামস। ইন্ডিয়ানার স্থানীয় বাস্তব গল্প তুলে ধরতে নির্বাচিত প্রত্যেক নির্মাতাকে পাঁচ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ দেওয়া হচ্ছে। আগামী জুলাইয়ে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রটিতে ইন্ডিয়ানার ছোট নদী ও খালকে কেন্দ্র করে জলজ প্রাণী এবং কমিউনিটি সায়েন্সের মাধ্যমে নদীর স্বাস্থ্য, পরিবেশ ও দূষণের ইতিহাস তুলে ধরা হবে।
এর আগে, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘কজিতো এরগো সুম’ চলচ্চিত্রের জন্য আহমেদ তাহসিন শামস সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন। তিনি জানান, চলচ্চিত্রটি সেন্টার ফর রিসার্চ অন রেস অ্যান্ড এথনিসিটি ইন সোসাইটি অ্যাওয়ার্ড এবং ফ্রান্সেস গোইন্স উইলহয়েট রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসের অনুদান সহায়তায় নির্মিত।

শামস বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগে পিএইচডি করছেন। তাঁর গবেষণার ক্ষেত্র পরিবেশভিত্তিক মিডিয়া, পরিবেশকেন্দ্রিক প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সমালোচনামূলক শিক্ষাপদ্ধতি। গবেষণার অংশ হিসেবে, বাংলাদেশকে কেন্দ্র করেও একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তিনি। ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’ শিরোনামের এই চলচ্চিত্রটি ঢাকার হাজারীবাগ এলাকার বৃহত্তর আর্ট ফাউন্ডেশন এবং শিল্পী-শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীকে ঘিরে নির্মিত হচ্ছে। নির্মাতা জানান, হাজারীবাগের পুরোনো ট্যানারি ভবনের ছাদে গড়ে ওঠা বৃহত্তর আর্ট ফাউন্ডেশনকে কেন্দ্র করে বিশ্বজিৎ গোস্বামীর ‘গঙ্গাবুড়ি’, ‘পদ্ম’ এবং ‘হাজারীবাগ’ প্রকল্পগুলো নতুন মাত্রা পেয়েছে। এসব প্রকল্পে বুড়িগঙ্গা নদীর দূষণ, নগরজীবনের সংকট এবং প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবনসংগ্রাম উঠে এসেছে।

শামস বলেন, ‘এই প্রকল্পগুলোতে বুড়িগঙ্গা নদীর দূষণের বাস্তবতা, নগরজীবনের সংকট এবং প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবন-অভিজ্ঞতা একসূত্রে যুক্ত হয়েছে, যা আমার গবেষণার সঙ্গেও সম্পর্কযুক্ত। তাই এই বিষয়গুলো নিয়েই আমি প্রামাণ্যচিত্র নির্মাণে উদ্যোগী হয়েছি।’ তিনি জানান, ৩ মে বিশ্বজিৎ গোস্বামীর উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড প্রামাণ্যচিত্রের অবশিষ্ট অংশের শুটিং হবে।
এর আগে আহমেদ তাহসিন শামস নির্মাণ করেছেন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেহস্টেশান’ ও ‘আরশীনগর’। ২০২২ সালে চলচ্চিত্র দুটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। ‘আরশীনগর’ চলচ্চিত্রটি স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেন শাহাদাৎ হোসেন ও প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। অন্যদিকে একজন যৌনকর্মী এবং তার মেয়ের জীবন ও সমাজে তাদের টিকে থাকার সংগ্রামকে ঘিরে নির্মিত ‘দেহস্টেশান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌমিতা মিত্র (কলকাতা), শাহাদাত হোসেন, প্রয়াত অভিনেতা এস এম মহসিনসহ অনেকে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৪ ঘণ্টা আগে