১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। সে সময় মাহি ও জাজের কর্ণধার আজিজের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি। মাঝে একাধিকবার শোনা গিয়েছিল, মাহি আবার জাজের সিনেমায় ফিরবেন! কিন্তু তা হয়নি।
জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিল তাঁর। এক দিন শুটিংও করেছিলেন। কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন মাহি। এরপর রাজনীতি, পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে কেটেছে মাহির সময়। এর মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
অবশেষে বিরতি কাটিয়ে আবারও নায়িকা হয়ে ফিরছেন মাহি। ফিরছেন সেই জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে, যেখান থেকে শুরু হয়েছিল তাঁর রুপালি পর্দার যাত্রা। জাজের ব্যানারে মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে অ্যাকশন ঘরানায়। একই ঘরানায় নির্মিত হবে অন্তর্যামী। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে।
জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হয়েছে, অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে অগ্নি-২-এর পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা অগ্নি না; কারণ, অগ্নি প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হলো সারভাইভাল স্টোরি। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।
জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে অন্তর্যামী সিনেমার। এরপর থাইল্যান্ড এবং সব শেষে শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
সাত বছরের বিরতি শেষে ভৌতিক ঘরানার ‘জ্বীন থ্রি’ দিয়ে গত বছর জাজে ফিরেছিলেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে ফেরাটা খুব ভালো হয়নি ফারিয়ার। সিনেমার গান আলোচিত হলেও হলে দর্শক টানতে পারেনি। এবার মাহির ফেরাটা কেমন হয়, তা জানা যাবে আগামী বছর সিনেমা মুক্তির পর।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ মিনিট আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে