Ajker Patrika

মৌলিক গল্পেই বাজিমাত করল দৃশ্যমের শেষ পর্ব

বিনোদন ডেস্ক
মৌলিক গল্পেই বাজিমাত করল দৃশ্যমের শেষ পর্ব
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অজয় দেবগন। দৃশ্যম সিরিজের শেষ সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দিয়ে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন তিনি। অজয়ের অভিনয়জীবনের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৭ কোটি রুপির বেশি।

২ অক্টোবর মুক্তির দিন থেকেই শেষবারের মতো দৃশ্যম উপভোগ করতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে শুধু ভারতের বাজারেই সিনেমাটি আয় করেছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা অজয়ের ক্যারিয়ারে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। এর আগে তাঁর সর্বোচ্চ ওপেনিং ছিল ‘সিংহাম অ্যাগেইন’-এর (৪৩ কোটি ৫০ লাখ রুপি) দখলে। নিজের সেই রেকর্ড ভেঙে এবার বক্স অফিসে নতুন ইতিহাস গড়লেন তিনি।

শনিবার দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল অজয়ের এই ম্যাজিক। এ দিন ভারতের প্রায় ১৭ হাজার শো থেকে দৃশ্যম ৩ আয় করেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে দুই দিনে শুধু ভারতের বাজার থেকেই এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৫ কোটি ৫০ লাখ রুপি। বিদেশের বাজারেও দারুণ দাপট দেখাচ্ছে সিনেমাটি; সেখানে প্রথম দুই দিনে এসেছে ৩৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ১৭৭ কোটি ১০ লাখ রুপি আয় করে দ্রুতই ২০০ কোটির ক্লাবের দিকে ছুটছে অভিষেক পাঠক পরিচালিত এই থ্রিলার।

দৃশ্যম ৩-এর প্রতি দর্শকের এই বিপুল আগ্রহের অন্যতম কারণ এর চিত্রনাট্য। ২০১৫ সালের ‘দৃশ্যম’ এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ মোহনলাল অভিনীত আলোচিত মালয়ালম সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক ছিল। তবে শেষ পর্বে সে পথে হাঁটেননি অজয়। সম্পূর্ণ মৌলিক চিত্রনাট্য নিয়ে এবার হাজির হয়েছেন তিনি, যা দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দৃশ্যমের শেষ পর্বেও যথারীতি তীক্ষ্ণ বুদ্ধির বিজয় সালগাঁওকর চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে আগের মতোই ফিরেছেন টাবু ও শ্রিয়া শরণ। এ ছাড়া শেষ পর্বে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজের মতো শক্তিশালী অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত