Ajker Patrika

দুই যুগে প্রাঙ্গণেমোর: শিল্পকলা একাডেমিতে দুই নাটকের প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই যুগে প্রাঙ্গণেমোর: শিল্পকলা একাডেমিতে দুই নাটকের প্রদর্শনী
‘শেষের কবিতা’ নাটকের দৃশ্য

‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’—এই মূলমন্ত্রকে ধারণ করে ২৪ বছরে পা রাখছে নাট্যদল প্রাঙ্গণেমোর। ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠিত হয়েছিল নাট্যদলটি। সেই থেকে দেশ-বিদেশে নিয়মিত নাটক মঞ্চায়ন ও সৃজনশীল নাট্যচর্চা করে আসছে প্রাঙ্গণেমোর। দর্শকনন্দিত হয়েছে তাদের নাটক।

দলের ২৪ বছরে পদার্পণ ও দুই যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে প্রাঙ্গণেমোর। এই আয়োজনে থাকছে সপ্তাহান্তে দুটি নাটকের প্রদর্শনী। ৬ মে বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে দর্শকনন্দিত নাটক ‘টিনের তলোয়ার’ এবং ১২ মে সন্ধ্যা ৭টায় একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’।

নাট্যসম্রাট উৎপল দত্তের কালজয়ী নাটক টিনের তলোয়ার প্রাঙ্গণেমোরের দর্শকদের জন্য নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের উত্তাল প্রেক্ষাপটে রচিত নাটকটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আজও প্রাসঙ্গিক। এতে অভিনয় করেছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। মঞ্চসজ্জা করেছেন ফয়েজ জহির, লাইট ডিজাইন করেছেন ঠাণ্ডু রায়হান, সংগীতে শিশির রহমান; কস্টিউম ডিজাইন করেছেন নূনা আফরোজ এবং রূপসজ্জায় জনি সেন।

‘টিনের তলোয়ার’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘টিনের তলোয়ার’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত উপন্যাস শেষের কবিতার নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান। মঞ্চসজ্জায় ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, কস্টিউম নূনা আফরোজ, কোরিওগ্রাফি ইভান শাহরিয়ার সোহাগ এবং রূপসজ্জায় জনি সেন।

প্রাঙ্গণেমোর জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় মঞ্চে উপস্থাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত