Ajker Patrika

দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন কনসার্টের আশ্বাস দিলেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন কনসার্টের আশ্বাস দিলেন
রুনা লায়লা
রুনা লায়লা। ছবি: সংগৃহীত

২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট। রুনা লায়লার গান শুনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতি দেখা গেছে।

রুনা লায়লা দর্শকদের নিরাশ করেননি। গানে গানে শ্রাবণের সেই সন্ধ্যা মাতিয়ে তোলেন তিনি। শুধু গান নয়, অনুষ্ঠানের উপস্থাপক আফজাল হোসেন ও উপস্থিত দর্শকের সঙ্গে নানা রসিকতা করতেও দেখা যায় তাঁকে। রুনা লায়লার লাইভ পারফরম্যান্স দেখে বিমোহিত হন দর্শক। সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অফলাইন ও অনলাইন দুই জায়গাতেই প্রশংসায় ভাসছেন কিংবদন্তি এই শিল্পী। বিষয়টি নজরে এসেছে রুনা লায়লার। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় জানালেন, দর্শকের এই ভালোবাসা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। সবার এই ভালোবাসার জন্যই নিয়মিত গান প্রকাশ করতে চান তিনি। আরও জানালেন সামনে শিল্পকলা একাডেমিতে আরও বড় পরিসরে কনসার্ট করতে চান তিনি।

রুনা লায়লা বলেন, ‘সবাইকে ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমাকে এত ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। আমাকে নিয়ে এত ভালো কথা বলেছেন। আমি সত্যি সম্মানিত বোধ করছি। বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে গর্ব বোধ করছি। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও আমার অনেক ভক্ত রয়েছে, যাঁদের আশীর্বাদে আমি এত দূর আসতে পেরেছি। আমি একটি কনসার্ট করেছি (বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে)। এই শো নিয়ে আপনারা যে মন্তব্য করেছেন এবং খুদে বার্তা পাঠিয়েছেন, যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি আপনাদের জন্য গান গাওয়া চালিয়ে যেতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি। আমি এটাও জানি, আপনারা আমাকে এবং আমার গানকে কতটা ভালোবাসেন। ইনশা আল্লাহ আমি গানটা নিয়মিত করে যাব।’

বড় আয়োজনের কনসার্টের আশ্বাস দিয়ে রুনা লায়লা বলেন, ‘আসনসংখ্যা সীমিত থাকার কারণে অনেকেই শিল্পকলার কনসার্টে আসতে পারেননি। যে অডিটরিয়ামে আয়োজনটি হয়েছে, সেখানে ধারণক্ষমতা ছিল ৭৫০ জনের। সামনে আমরা আরও বড় আয়োজনে কনসার্ট করব। যেখানে আরও অনেক দর্শক-শ্রোতা থাকার ব্যবস্থা থাকবে। আশা করছি, আমি আবার সুযোগ পাব আপনাদের সবার জন্য গাওয়ার।’

সম্প্রতি এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে গেছেন রুনা লায়লা। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট। ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক কনসার্টে রুনা লায়লার সঙ্গে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবং ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফন। ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের আয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত