৭৯তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন। ফলে সিনেমা নিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে বড় আসর বাফটায়ও যে সে ধারাবাহিকতা বজায় থাকবে, তা অনেকটা অনুমিত ছিল।
গত রোববার রাতে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত হয় ৭৯তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটা। এ আসরে সেরা সিনেমা, সেরা পরিচালক, চিত্রনাট্যসহ ৬টি বিভাগে পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এক চরমপন্থী দলের সাবেক কয়েকজন সদস্যের কর্মকাণ্ড নিয়ে তৈরি সিনেমাটি।
অন্যদিকে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে ৩টি পুরস্কার পেয়েছে এবার অস্কারে সবচেয়ে আলোচনায় থাকা সিনেমা ‘সিনারস’। সেরা ব্রিটিশ সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘হ্যামনেট’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। কারিগরি বিভাগগুলোতে ভালো করেছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’। আর সবচেয়ে খারাপ ফলাফল করে রেকর্ড গড়েছে ‘মার্টি সুপ্রিম’। ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে একটি পুরস্কারও পায়নি টিমোথি শ্যালামে অভিনীত সিনেমাটি।
সব ছাপিয়ে এবার বাফটার আসরে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন রবার্ট আরামায়ো। নবাগত অভিনেতা হিসেবে তিনি পুরস্কার পাবেন, এ অনুমান অনেকেরই ছিল। ফলে এ বিভাগে তাঁর নাম ঘোষণার পর রবার্ট আশ্চর্য হলেও অন্যদের কাছে সেটা স্বাভাবিকই ছিল। কিন্তু ধাক্কাটা তখনই লাগে, যখন সেরা অভিনেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। লিওনার্দো ডিক্যাপ্রিও, মাইকেল বি জর্ডান, ইথান হোউক, টিমোথি শ্যালামের মতো অভিনেতাদের হারিয়ে ‘আই সোয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার বগলদাবা করেন রবার্ট আরামায়ো। তিনিই এবারের বাফটার বড় বিস্ময়।

এবারের বাফটার আসর ভারতের জন্যও বেশ স্মরণীয় ছিল। প্রথমবারের মতো বাফটার মঞ্চে প্রেজেন্টার হিসেবে যোগ দেন আলিয়া ভাট। ইংরেজি ভাষার বাইরে সেরা সিনেমা বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করেন তিনি। আলিয়া এ ঘোষণা দেন হিন্দি ভাষায়, পরে অবশ্য ইংরেজিতে অনুবাদ করে দেন নিজেই।

অন্যদিকে প্রযোজক হিসেবে পদক ঘরে তুলেছেন বলিউড অভিনেতা ফারহান আখতার। সেরা চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি সিনেমা ‘বুং’। ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুটোপিয়া ২’-এর মতো হলিউডের মেগা বাজেটের সিনেমাকে হারিয়ে এ বিভাগে সেরা হয়েছে লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত এই আঞ্চলিক সিনেমা। ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
উল্লেখযোগ্য বিভাগে বিজয়ীরা
সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
অভিনেতা: রবার্ট আরামায়ো (আই সোয়্যার)
পার্শ্ব অভিনেত্রী: উনমি মোসাকু (সিনারস)
পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
ব্রিটিশ সিনেমা: হ্যামনেট আউটস্ট্যান্ডিং ডেবিউ বাই আ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রডিউসার: (মাই ফাদারস শ্যাডো) আকিনোলা ডেভিস জুনিয়র (পরিচালক), ওয়াল ডেভিস (লেখক)
অভিযোজিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল থমাস অ্যান্ডারসন)
মৌলিক চিত্রনাট্য: সিনারস (রায়ান কুগলার)
চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম: বুং
ইংরেজি ভাষার বাইরের সিনেমা: সেন্টিমেন্টাল ভ্যালু
পোশাক পরিকল্পনা: ফ্রাঙ্কেনস্টাইন
স্পেশাল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
তথ্যচিত্র: মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন
অ্যানিমেশন সিনেমা: জুটোপিয়া ২
কাস্টিং: আই সোয়্যার
চিত্রগ্রহণ: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (মাইকেল বাউম্যান)
সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)
মেকআপ অ্যান্ড হেয়ার: ফ্রাঙ্কেনস্টাইন (জর্ডান স্যামুয়েল, ক্লিওনা ফুরি, মাইক হিল, মেগান মান)
অরিজিনাল স্কোর: সিনারস (লুডভিগ গোরানসন)
প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন (তামারা ডেভেরেল, শেন ভিউ)
সাউন্ড: এফ ১
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: টু ব্ল্যাক বয়েজ ইন প্যারাডাইস
ব্রিটিশ শর্টফিল্ম: দিস ইজ এন্ডোমেট্রিওসিস
নবাগত অভিনেতা: রবার্ট আরামায়ো

সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
১৫ ঘণ্টা আগে
চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১ দিন আগে