
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, আজ বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং নাট্য ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে, ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ এলাকার কিছু বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উত্তরা কল্যাণ সমিতি শুটিং নিষেধাজ্ঞা জারি করে। জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটার অভিযোগ তুলে সমিতি এক নির্দেশনায় স্থানীয়দেরকে বাড়ি শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার অনুরোধ জানায়।
এই নিষেধাজ্ঞায় নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডসহ কয়েকটি সংগঠন প্রতিবাদ জানালে উত্তরা কল্যাণ সমিতি আলোচনায় বসার উদ্যোগ নেয়।
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেন, ‘এই সমিতি সব সময় এলাকাবাসীর স্বার্থ রক্ষায় কাজ করে। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে, পরিবেশ রক্ষা করে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে পথ বের করা সম্ভব। আমাদের উদ্দেশ্য শুটিং বন্ধ করা নয়; শৃঙ্খলা রক্ষা। আজকের বৈঠকে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তিনি।'
শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, 'হঠাৎ নিষেধাজ্ঞা দিয়ে সমাধান হয় না। আমরা সংলাপ ও সমঝোতার মাধ্যমে টেকসই সমাধান চাই। আবাসিক এলাকায় কাজ করতে গেলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে—আমরা তাতে সম্মত।'
বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও তা অনিয়মিতভাবে ব্যবহৃত হয়।
সব পক্ষের আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। শিগগির কিছু শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হতে পারে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে