Ajker Patrika

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান
মোস্তাফিজুর নূর ইমরান। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ার মোস্তাফিজুর নূর ইমরানের। সিনেমায় প্রথম কাজ করেছেন দেড় দশক আগে। তবে পরিচিতি পেয়েছেন ওটিটিতে আসার পর। আশফাক নিপুনের ‘মহানগর’ সিরিজে ইন্সপেক্টর মলয় চরিত্রে আলোচিত হওয়ার পর ‘কাইজার’, ‘জাহান’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’ ওয়েব কনটেন্টেও আলো ছড়িয়েছেন এই অভিনেতা। ওটিটির পাশাপাশি কাজ করছেন বড় পর্দায়ও। ‘রইদ’, ‘সখী রঙ্গমালা’সহ মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত কয়েকটি সিনেমা। অভিনয়ের ব্যস্ততার মাঝেই মোস্তাফিজুর নূর ইমরান প্রথমবারের মতো নাম লেখালেন পরিচালনায়। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘জ্বীনের বাচ্চা’ নামের ওয়েব ফিল্ম।

২০০০ সালে বাগেরহাট থিয়েটার দিয়ে যাত্রা শুরু মোস্তাফিজুর নূর ইমরানের। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ার সময় মঞ্চে নির্দেশনাও দিয়েছেন। তখন থেকে পরিচালনার প্রতি আলাদা আকর্ষণ। তিনি বলেন, ‘মঞ্চে অনেক আগেই নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। যখনই নির্দেশনা দিয়েছি, খুব উপভোগ করেছি। এখনো সময়-সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলে যাই, থিয়েটার প্রোডাকশন করি। সেখান থেকে পর্দায় গল্প বলার ক্ষুধাটা বোধ করছিলাম।’

গতকাল প্রকাশ পেয়েছে জ্বীনের বাচ্চা ওয়েব ফিল্মের পোস্টার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন প্রমুখ। স্বাক্ষর কুন্ডু দীপের গল্পে চিত্রনাট্য করেছেন রাজীব হোসেন। নির্মাতা এটিকে বলছেন সোশ্যাল হরর ঘরানা। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে জ্বীনের বাচ্চা। মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘এই গল্পটা আমি বলছি সোশ্যাল হরর। এটা কেমন হরর, সেটা জানতে হলে দেখতে হবে। দেখতে দেখতে দর্শক হয়তো কোনো গল্প বা জগৎকে এক্সপ্লোর করতে পারবে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গল্পটি মিনিমালভাবে বলা এবং দৃশ্যগুলোকে মোমেন্ট হিসেবে তৈরি করা। সেটা যেন আবার কোনোভাবেই একটু বেশি না হয়ে যায়, মাথায় রাখতে হয়েছে সে বিষয়টিও।’

পরিচালনার অভিজ্ঞতা জানিয়ে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘পরিচালনা করে যেটা উপলব্ধি হলো, আমাদের বাজেট আরও বাড়ানো দরকার। কাজ করার পরিবেশ আরও স্মুথ হওয়া জরুরি। কারণ, আমাদের ভালো কনটেন্ট তৈরি করতে হবে। ভিউ চেজিং কনটেন্টের চেয়ে কোয়ালিটিফুল কাজ করা দরকার। বাংলার গল্প নিয়ে কাজ করতে হবে। সেটা মিথ হোক, হরর কিংবা অন্য যেকোনো ঘরানা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত