
জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
শুক্রবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় এই জিডি করেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে, মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এ ছাড়া অভিনেত্রী মাহিয়া মাহি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কিছু বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাঁদের কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। এতে আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করা হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়।
এ ছাড়া শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতার আঘাতের একটি ভিডিও তাঁর ফেসবুক লিংকে প্রকাশ করেছেন; যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা সোশ্যাল মিডিয়ার পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার ইউনিট যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মাহিয়া মাহি। জুলাই অভ্যুত্থানের পর থেকে আড়ালে আছেন তিনি। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এখনো দেশে ফেরেননি।

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
৩৩ মিনিট আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
৩৫ মিনিট আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের অন্যতম সদস্য লি নো। বন্যাদুর্গতদের জরুরি ত্রাণ ও সহায়তার জন্য ১০০ মিলিয়ন ওন ব্যক্তিগত অনুদান দিয়েছেন তিনি।
৪৩ মিনিট আগে