বশির আহমেদ আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
-009ddc-480x270.webp)
প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির ২০১৯ সালে চালু করেন ‘বশির আহমেদ সম্মাননা’। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরই এই সম্মাননা দেওয়া হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তিন বছর সম্মাননা দেওয়া সম্ভব হয়নি। এ বছর আবার দেওয়া হচ্ছে বশির আহমেদ সম্মাননা।
১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিনে বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বশির আহমেদ সম্মাননা ২০২৬ দেওয়া হবে। সেরা শিল্পীদের সম্মাননা জানানোর পাশাপাশি এ বছর আজীবন সম্মাননা দেওয়া হবে অভিনেত্রী শবনমকে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমায়রা ও রাজা।
আজীবন সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে অভিনেত্রী শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কিছু সিনেমায় বশির ভাই গান গেয়েছেন, গানগুলো জনপ্রিয়ও হয়েছে। বশির ভাই ভীষণ গুণী একজন শিল্পী, একজন সুন্দর মনের মানুষ ছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশেই তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তাঁর কাছ থেকে আমি অনেক প্রশংসা পেয়েছি। সে সব আজ শুধুই স্মৃতি। বশির ভাইয়ের দুই সন্তান হোমায়রা ও রাজা বেশ কিছুদিন আগে এসেছিল, তারা আমাকে তাদের বাবার সম্মানে চালু হওয়া সম্মাননা পদকে ভূষিত করতে চায়। শুনে মনটা আনন্দে ভরে উঠল। যদিও আমার শরীরটা এখন খুব খারাপ, জানি না আদৌ অনুষ্ঠানে অংশ নিতে পারব কি না। তবে আমার খুব ইচ্ছা আছে অনুষ্ঠানে গিয়ে সম্মাননা গ্রহণ করতে। বাকিটা আল্লাহ ভরসা।’
হোমায়রা বশির বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননার আজীবন সম্মাননা তুলে দিতে পারছি।’
রাজা বশির বলেন, ‘কয়েকটা বছর আমরা বাবার নামে শুরু করা সম্মাননা প্রদান অনুষ্ঠানটি করতে পারিনি। এ বছর আবার শুরু করছি। আশা করছি সবার আন্তরিক সহযাগিতায় সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করেত পারব। খুবই ভালো লাগছে শবনম আন্টিকে এ বছর আজীবন সম্মাননা দিতে পারছি বলে।’
বশির আহেমদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো হচ্ছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘যারে যাবি যদি যা’, ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা’ ইত্যাদি।









