
‘হাওয়া’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মেজবাউর রহমান সুমনের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। হাওয়ার অভাবনীয় সাফল্যের চার বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন সুমন। নাম ‘রইদ’। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেন পরিচালক। সেই সঙ্গে প্রকাশ করলেন রইদের প্রথম গান।
ঈদ উৎসবের পরে প্রেক্ষাগৃহে রইদ মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল পরিচালকের। তবে শেষ পর্যন্ত কোরবানির ঈদকেই বেছে নিয়েছেন। কারণ হিসেবে সুমন বলেন, ‘হাওয়া মুক্তি পেয়েছিল ঈদের তিন সপ্তাহ পর। রইদ সিনেমার ক্ষেত্রেও সে পরিকল্পনা ছিল। কারণ, আমি সিনেমাটি দর্শকদের কিছুটা নীরব সময়ে দেখাতে চেয়েছিলাম। আমার মনে হয়েছে, এ অস্থির সময়ে মানুষের মধ্যে নীরবতার খুব অভাব। কিন্তু সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপ শেষ করে মুক্তি দিতে গেলে দেরি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে ঈদে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
মুক্তির ঘোষণা উপলক্ষে গতকাল প্রকাশ করা হয়েছে রইদ সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ দিয়েছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনায় রাশীদ শরীফ শোয়েব। পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘এই গান দিয়েই রইদের যাত্রা শুরু হলো। রইদের শুটিংয়ের প্রায় এক বছর আগে আমি আর রাজু ভাই গানটির কাজ শুরু করি। আজকে এসে সেই গানটা প্রকাশ পেল। আশা করছি গানের সুরের মতোই রইদের গল্পও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে।’
রাজীব আহমেদ রাজু বলেন, ‘এই গান তৈরির অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। পরিচালক সুমন আমাকে কোনো গতানুগতিক গল্প বলেননি, বরং এই সিনেমার পেছনে তাঁর গভীর চিন্তা ও অনুভূতিগুলো শেয়ার করেছিলেন। অডিওর কাজ শেষে সুনামগঞ্জে রোদ-বৃষ্টি আর ধুলাবালু মেখে সুমন যে ভিজ্যুয়াল বা দৃশ্যধারণ করেছেন, তা সত্যিই অসাধারণ। দীর্ঘ এই পরিশ্রমের ফসল এবার দর্শক-শ্রোতারা শুনতে ও দেখতে পাবেন, এটাই সবচেয়ে বড় আনন্দ।’
রইদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সিনেমার গল্প নিয়ে সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরোনো আখ্যানকে পুনর্নির্মাণের চেষ্টা করেছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়ানোর পর দেশের দর্শকদের রইদ সিনেমাটি দেখার সুযোগ করে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাওয়ার পর মেজবাউর রহমান সুমনের এই নতুন সৃষ্টিও দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হবে।

পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১ ঘণ্টা আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৪ ঘণ্টা আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
৪ ঘণ্টা আগে
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী চলছে নানা আয়োজন। দেশের ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হবে নানা অনুষ্ঠান।
৪ ঘণ্টা আগে