Ajker Patrika

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক
খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

১৯৯৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘খলনায়ক’-এর সেই আইকনিক চরিত্র ‘বল্লু’ আবার ফিরছে পর্দায়। আবারও এ চরিত্রে দেখা দিচ্ছেন সঞ্জয় দত্ত। এ সিনেমা দিয়ে বলিউডে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পান সঞ্জয়। তিন দশকের বেশি সময় পর থ্রিলারটি নতুন করে তৈরির পরিকল্পনা করেছেন তিনি। ফার্স্ট লুক প্রকাশ করে ‘খলনায়ক রিটার্নস’ সিনেমার ঘোষণা দিলেন সঞ্জয় দত্ত।

খলনায়ক সিনেমার স্বত্ব ছিল পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে। সিকুয়েল নির্মাণের জন্য স্বত্ব কিনে নিয়েছেন সঞ্জয় দত্ত। সিনেমাটি বড় পরিসরে তৈরি করতে সঞ্জয়ের থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স এবং প্রযোজক অক্ষ কাম্বোজের অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্টের সঙ্গে হাত মিলিয়েছে জিও স্টুডিওস। সুভাষ ঘাইয়ের সংস্থা মুক্তা আর্টসও আছে সঙ্গে। জিও স্টুডিওসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি সিকুয়েল নয়, বরং আধুনিক প্রেক্ষাপটে এক বিশাল অ্যাকশন এন্টারটেইনার হতে যাচ্ছে।

সঞ্জয় দত্ত বলেন, ‘খলনায়ক আমার খুবই প্রিয় একটি সিনেমা। এখনো সিনেমাটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস লক্ষ করা যায়। এই কাহিনি নতুনভাবে ফিরিয়ে আনার ইচ্ছা ছিল অনেক দিনের। তাই এর স্বত্ব আইনগতভাবে কিনে নিয়েছি। আমার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু প্রতিষ্ঠান। সবাইকে সঙ্গে নিয়ে বিশেষ কিছু তৈরির অপেক্ষায় আছি।’

অনেক আগে থেকেই খলনায়ক সিনেমার সিকুয়েল তৈরির স্বপ্ন সঞ্জয় দত্তের। তিনি জানিয়েছেন, খলনায়কের সিকুয়েলের বীজ রোপিত হয়েছিল তাঁর জেলজীবনের দিনগুলোতে, মুম্বাই বিস্ফোরণ মামলায় বন্দী থাকার সময়। কারাগারে বসে বল্লু চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তিনি। বল্লু জেল থেকে বের হওয়ার ২০-৩০ বছর পর তার জীবনটা কেমন হতে পারে, সেই ভাবনা থেকেই খলনায়ক রিটার্নসের গল্পের সূত্রপাত।

জেলে থাকার সময় অন্য বন্দীদেরও সঞ্জয় জিজ্ঞেস করতেন, তারা এমন সিনেমা আবার দেখতে চায় কি না। শুধু তা-ই নয়, প্রত্যেককে নতুন খলনায়কের গল্প এক পৃষ্ঠায় লিখে দিতে বলেন সঞ্জয়। সেখান থেকেই তৈরি হয় ভাবনা। পরে জেল থেকে মুক্ত হওয়ার পর লেখাগুলো তিনি তুলে দিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাইয়ের হাতে। সেই পরিকল্পনা এত বছর পর আলোর মুখ দেখতে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন পূর্বপরিকল্পিত, খুনি রুমমেট: পুলিশ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

মেয়ে বেঁচে নেই, লাশটা অন্তত পেতে চাই: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদার বাবা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত