
বিনোদনজগতে এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিপফেক। ডিপফেকের মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এত সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকজন তারকার এমন কিছু ভুয়া ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে ঘুরে বেড়াচ্ছে রুনা খান, রাফিয়াত রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মানসহ অনেক তারকার ভুয়া ছবি।
১৮ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাফিয়াত রশিদ মিথিলার ভুয়া ছবি। চলো বদলে যাই নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, হালকা বাদামী রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন মিথিলা। এরপর অভিনেত্রীকে নিয়ে শুরু হয় সমালোচনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডিপফেকের শিকার হয়েছেন মিথিলা। কলকাতার মডেল ও অভিনেত্রী জিনাত আরার ছবিতে রাফিয়াত রশিদ মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে ছবিগুলোতে। জিনাত আরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৪ জুন পোস্ট করেছিলেন ছবিগুলো।
২০ জুন একই ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হয়, এগুলো অভিনেত্রী রুনা খানের ছবি। ছবিগুলোতে দেখা যায়, বিলাসবহুল একটি হোটেলে সাদা-কালো রঙের গাউন পরে লাস্যময়ী লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকাশিত ছবিগুলো রুনা খানের নয়। ভারতের উত্তর প্রদেশের মডেল ও অভিনেত্রী মমতা রাইয়ের ছবিতে রুনা খানের মুখাবয়ব প্রতিস্থাপন করে শেয়ার করা হয়েছে। ১০ জুন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলো শেয়ার করেছিলেন মমতা রাই।
গতকাল ২৩ জুন চলো বদলে যাই নামের ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ডিপফেক ছবি। একই ধরনের ছবি ২০ জুন অনুপূজা সিং নামের ফেসবুক আইডিতে শেয়ার করা ছবির সঙ্গে হুবহু মিলে যায়। চলো বদলে যাই নামের ফেসবুক পেজটিতে দেখা গেল বিদ্যা সিনহা মিম ও তাসনিয়া ফারিণ দাবি করা দুটি ভিডিও, আছে নুসরাত ইমরোজ তিশা, পরীমণি, সাফা কবির, প্রার্থনা ফারদিন দীঘি, সাদিয়া আয়মান, নাজনীন নিহা, পারসা ইভানাসহ আরও বেশ কয়েকজন তারকার ভুয়া ছবি।

ভারতীয় তারকাদের মাঝে ২০২৩ সালের নভেম্বরে ডিপফেকের এই বিড়ম্বনার শিকার হয়ে প্রথম আলোচনায় আসেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। যেখানে অন্য এক নারীর মুখের ওপর বসিয়ে দেওয়া হয় রাশমিকার মুখাবয়ব। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি ভিডিওটি আসল কি না। এর কিছুদিনের মধ্যে ডিপফেকের আক্রমণের শিকার হন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাট। ক্রমেই ডিপফেক নিয়ে বাড়তে থাকে উদ্বেগ।
সে সময় আজকের পত্রিকাকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী রুনা খান, আশনা হাবিব ভাবনা ও তাসনিয়া ফারিণ। তিন অভিনেত্রীই বলেছিলেন, ডিপফেক প্রতিরোধে শক্ত আইনের প্রয়োজন। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে ভবিষ্যতে বড় বিপদ হয়ে যাবে।
সময় গড়িয়েছে, ডিপফেকের হয়রানিও বেড়েছে। সেই সঙ্গে তারকাদের উদ্বেগ বেড়েছে ছাড়া কমেনি। শোবিজের অনেকেই মনে করছেন, দ্রুতই এ বিষয়ে উদ্যোগ না নিলে বিরূপ প্রভাব পড়বে পুরো ইন্ডাস্ট্রিতে। এমন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ? জানতে কথা হয় সংঘের সাধারণ সম্পাদক অভিনেত্রী রাশেদ মামুন অপুর সঙ্গে। তিনি বলেন, ‘ডিপফেকের বিষয়ে কোনো অভিনয়শিল্পী আমাদের কাছে এখনো কোনো অভিযোগ জানাননি বা প্রতিকার চাননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা শিগগিরই ডিজিটাল সচেতনতা বিষয়ে কয়েকটা কর্মশালার আয়োজনের কথা ভাবছি। এ ছাড়া এর প্রতিকারে কী কী করা যেতে পারে তা নিয়ে দেশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে বসার পরিকল্পনা করছি। অবশ্যই আমরা এ বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নেব।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
৮ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১৮ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১৯ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে