ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নানা অসংগতি উল্লেখ করে তথ্য চেয়ে আবেদন বা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অবস্থান জানান দিয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিবৃতিতে কর্তৃপক্ষের অবস্থান তুলে ধরা হয়।
বার্তায় বলা হয়, ‘আমাদের কাছ থেকে নির্বাচনের দিন ধারণকৃত এবং পরবর্তীতে সংরক্ষণকৃত সিসিটিভি ফুটেজের পুরোটাই চাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ কোনো পাবলিক ডকুমেন্ট নয়। এ ছাড়া ভোট প্রদানকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা প্রদানের অনুরোধ জানিয়েছে প্রার্থীরা, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/নির্বাচনী কর্তৃপক্ষ মনে করে, অত্যন্ত স্পর্শকাতর ও গোপনীয় তালিকা এবং ডাকসুর নির্বাচনসংক্রান্ত বিধিতে এটির কপি প্রদানের কোনো বিধান নেই।’
ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠান/ভেন্ডরদের পরিচয়ও ‘সচেতনভাবে গোপন’ রাখা হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সব আবেদন বা অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। যথাসময়ে প্রত্যেককে জবাব/সিদ্ধান্ত পাঠানো হবে।
বার্তায় বলা হয়, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর আমাদের কাছে দাখিলকৃত আবেদনপত্র বা দরখাস্তগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। আমাদের বিশুদ্ধতার জন্য আমরা যে ক্ষেত্রে প্রযোজ্য, সে ক্ষেত্রে আইনগত মতামতও নিয়েছি। আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিশ্লেষণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ অনুযায়ী আমরা প্রতিটি দরখাস্ত/আবেদনপত্র বিচার-বিশ্লেষণ করে প্রত্যেককে আলাদা আলাদাভাবে জবাব প্রদান করব।
‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, গত সোমবার একটি ছাত্রসংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে (মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি) উচ্চারিত কিছু অভিযোগের জবাব এই মুহূর্তে প্রদান করা সমীচীন বলে মনে করছি। সে ক্ষেত্রে দুটি বিষয় প্রণিধানযোগ্য। একটি হলো, কয়েকজন দরখাস্তকারী/আবেদনকারী আমাদের কাছ থেকে নির্বাচনের দিন ধারণকৃত এবং পরবর্তীতে সংরক্ষণকৃত সিসিটিভি ফুটেজের পুরোটাই চেয়েছে। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছি এবং বিজ্ঞ আইনজীবীদের মতামতও নিয়েছি। সিসিটিভি ফুটেজ কোনো পাবলিক ডকুমেন্ট নয়।
‘বিশ্ববিদ্যালয় কর্তৃক ধারণকৃত এবং সংরক্ষণকৃত সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আমানত, যা নির্বাচনসংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্যকারী সাক্ষ্য হিসেবে বা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা আবেদনপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। আবেদনপত্রগুলো অনেকটাই অস্পষ্ট এবং সুনির্দিষ্ট কী কারণে, কোন সময়ের, কোন বিষয়ে সিসিটিভি ফুটেজ দেখতে হবে, তা উল্লেখ করা হয়নি।
‘এমতাবস্থায় কতিপয় দরখাস্তে কতগুলো সাধারণ প্রশ্নমালা কিংবা কতগুলো অত্যন্ত ব্যাপকতার বিষয়ে (ওয়াইড এরিয়া) প্রশ্নের অবতারণা করা হয়েছে, যেগুলোতে তেমন কোনো সারবত্তা নেই এবং আবেদনকারীগণের সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। তথাপি কোনো প্রার্থী যদি সুনির্দিষ্ট কোনো সময়ের/কোনো একটি প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চায়, তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবে।’
ভোট প্রদানকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘এই ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/নির্বাচনী কর্তৃপক্ষ মনে করে, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও গোপনীয় তালিকা। ডাকসু নির্বাচনসংক্রান্ত বিধিতে এটির কপি প্রদানের কোনো বিধান নেই। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ভোটকেন্দ্রে এসে, প্রাথমিক তথ্যাদি প্রদান করে, ব্যালট পেপার সংগ্রহ করে যে তালিকায় স্বাক্ষর করেছেন, সে তালিকা একটি অত্যন্ত গোপনীয় তালিকা। এটিও কোনো পাবলিক ডকুমেন্ট নয়।
‘সুতরাং শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা সংরক্ষণের স্বার্থে এটি দেওয়া কর্তৃপক্ষ যথাযথ মনে করে না। অধিকন্তু দরখাস্ত/আবেদনপত্রে উক্ত স্বাক্ষরিত তালিকা কেন দরকার, কী কারণে প্রয়োজন, কোন উদ্দেশ্য সাধনের জন্য সে তালিকার দরকার হয়েছে, সেটিও সুনির্দিষ্টভাবে বলা হয়নি। অতএব কতগুলো অস্পষ্ট, সারবত্তাহীন আবেদনের পরিপ্রেক্ষিতে এ গুরুত্বপূর্ণ তালিকার কপি প্রদানে কর্তৃপক্ষ সবিনয়ে অপারগতা প্রকাশ করছে।’
ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠান/ভেন্ডরদের পরিচয় সচেতনভাবে গোপন রাখা একটি ‘স্বীকৃতি পদ্ধতি’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠানের পরিচয় গোপনীয়তা রক্ষা একটি স্বীকৃত পদ্ধতি। এখানে নিশ্চিত করা যাচ্ছে, সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া/দরপত্র আহ্বানের মাধ্যমে একটি পরীক্ষিত ও দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
‘দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পরে নির্দিষ্ট পরিমাপে কার্টিং করে তা ওএমআর মেশিনে প্রি-স্ক্যানিংপূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করে। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপার ছাপানোর কাজ করা হয়েছে, তাতে এটি অরক্ষিত থাকার সুযোগ নেই।
‘এখানে উল্লেখ্য যে, ব্যালট পেপার মুদ্রণ একটি বিশেষায়িত প্রক্রিয়া। এর প্রতিটি পর্যায়ে নিবিড় তত্ত্বাবধান ও নির্বাচন কমিশনে কঠোর তদারকি ছিল। মুদ্রণ প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা/কেন্দ্রপ্রধান সিগনেচার করেন। পরে ভোটারদের তা সরবরাহ করা হয়। এ ছাড়া নির্বাচনের আগে-পরে বা গণনার সময়ও সংশ্লিষ্ট প্রার্থীদের পোলিং এজেন্ট, পর্যবেক্ষক, সাংবাদিকসহ কেউই এ বিষয়ে কোনো অভিযোগ উত্থাপন করেননি।
‘ভোট গ্রহণ শুরুর আগেই ব্যালট বাক্স পরীক্ষা করা হয়েছে, খালি বাক্স নিশ্চিত করার পর তা সিলগালা করা হয়। তা ছাড়া বণ্টিত ব্যালট পেপার ও প্রদত্ত ভোটের সংখ্যার কোনো গরমিল পরিলক্ষিত হয়নি। ভোটার কর্তৃক গৃহীত ব্যালট পেপার ও প্রদত্ত ভোটের মধ্যে অসামঞ্জস্য থাকলে বা কোনো রকম অভিযোগ থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। এ রকম কিছুই ঘটেনি। অতএব নির্বাচনের দুই সপ্তাহ পর ব্যালট পেপারের মুদ্রণ নিয়ে এহেন অভিযোগের কোনো ভিত্তি আছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে না।’

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৪ ঘণ্টা আগে
সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫ ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন; কিন্তু একটিতেও সুযোগ পাননি। সেই ব্যর্থতার বেদনাই তার হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানো আজকের আসিফ মোক্তাদির বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে স্বাস্থ্যনীতি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগে
উপমহাদেশে শিক্ষার ইতিহাসে কিছু প্রতিষ্ঠান সময়ের সীমানা পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রাজশাহী কলেজ তেমনই এক গৌরবময় নাম। কলেজটি অতীতের সংগ্রাম, ঐতিহ্যের গৌরব আর আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে