
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতির (সোকসাস) তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন ও সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান।
বিশেষ আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আজকের পত্রিকার শিক্ষা বিভাগের প্রধান ও পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা।
অনুষ্ঠানের একপর্যায়ে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় ও মাহমুদুর রহমান যৌথভাবে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করেন। নতুন এই কার্যালয় কলেজের পুরোনো ভবনের নিচতলায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, ‘সাংবাদিকতা ও রিপোর্টিং—এই দুটি বিষয়ে আমরা খুব দ্বিধান্বিত থাকি। সংবাদ সংগ্রহই সাংবাদিকতা নয়, বরং সঠিক সংবাদকে সাহসের সঙ্গে উপস্থাপন করাই রিপোর্টিং। সাংবাদিক কারও শত্রু নন। সুন্দর কাজকে তুলে ধরা, সত্য খবর প্রকাশ করাই সাংবাদিকের দায়িত্ব। সাংবাদিক কখনো রাজনীতির দ্বারা দমিত হওয়ার মানুষ নন। সাংবাদিক নিজ আদর্শে অটল থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের প্রস্তুত করতে হবে এবং গুণী মানুষদের আদর্শ অনুসরণ করতে হবে।’
প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, ‘আমি তরুণদের আশা-আকাঙ্ক্ষা জানতে চাই, বুঝতে চাই। কারণ, আমি যে পেশায় আছি, সেখানে তরুণদের চাওয়া-পাওয়াগুলো না জানলে আমি একজন দায়িত্বশীল সাংবাদিক হতে পারব না।’ নবীন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথমেই নিজের বিষয়ভিত্তিক পড়াশোনায় দক্ষ হতে হবে। জ্ঞানের অভাব থাকলে ভালো সাংবাদিক হওয়া সম্ভব নয়। প্রচুর সাহিত্য পড়তে হবে। সাহিত্য না পড়লে ভালো লেখা সম্ভব নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘‘রাজবন্দীর জবানবন্দী’’ প্রত্যেক নবীন সাংবাদিকের পড়া উচিত। বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যচর্চাও জরুরি। ব্যক্তি ও পেশাগত জীবনে সততা ও সাহস ছাড়া সাংবাদিকতা সম্ভব নয়।’
বিশেষ আলোচক শহীদুল ইসলাম বলেন, শিক্ষক ও সাংবাদিক—এই দুই পেশার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষক যেমন ছাত্রকে জ্ঞান দেন, সাংবাদিক তেমনি পাঠককে অজানাকে জানান, সঠিক ও সত্য সংবাদ তুলে ধরেন। তরুণ প্রজন্ম যদি চ্যালেঞ্জ গ্রহণ করে ও সঠিক সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশে পরিবর্তন সম্ভব।

বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক খান বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিক সমিতি বা ক্লাব গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে তাঁরা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যাঁরা প্রতিবেদক হিসেবে যুক্ত হতে পারেন না, তাঁরা ফিচার লেখার মাধ্যমে নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারেন। আপনাদের উচিত বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা—এটি আপনাদের সাংবাদিকতা চর্চাকে আরও এক ধাপ এগিয়ে রাখবে।
সভাপতির বক্তব্যে ইয়াছিন মোল্লা দল–মত–নির্বিশেষে সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান শেষ করেন।
অনুষ্ঠানে ‘সেরা রিপোর্টার’ নির্বাচিত হন অর্থ সম্পাদক আবিদ হোসেন, ‘সর্বোচ্চ রিপোর্ট সম্মাননায়’ মনোনীত হন শাহরিয়ার আজিম এবং ‘সাহসী সাংবাদিকতা সম্মাননায়’ মনোনীত হন রাইমা বেগম স্মৃতি।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি ‘শিক্ষা, সততা, সৃজনশীলতা’—এই স্লোগানকে ধারণ করে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সোকসাস কলেজ ক্যাম্পাসে সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৮ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৮ ঘণ্টা আগে