Ajker Patrika

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে মহামিলনের আসর

সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে মহামিলনের আসর

সবুজের সমারোহ ২ হাজার ৩১২ দশমিক ৩২ একরজুড়ে। পাহাড়, টিলা, বৃক্ষরাজি ও প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দাঁড়িয়ে দেশের বৃহত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ, ৭ জন শিক্ষক এবং ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির। দেশের একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টি ৬০ বছর পূর্তি উদ্‌যাপিত হতে যাচ্ছে ১৮ নভেম্বর।

এই আয়োজন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ছয় দশকের অর্জন, সীমাবদ্ধতা ও সম্ভাবনার হিসাব মেলাতে গিয়ে সামনে আসছে কিছু প্রশ্ন। শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন কিংবা গবেষণায় কতটা এগিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়? শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার কতটুকুই-বা বাস্তব রূপ পেয়েছে?

এই প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘নানা রূপান্তর ও চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। এর উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। হীরকজয়ন্তী উদ্‌যাপন এগুলোর মধ্যে একটি। এর মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় তথা দেশের অগ্রগতির জন্য কাজ করতে চাই।’

শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাটহাজারীর জোবরা গ্রামে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এর পরিসর, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা। বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আজিজুল রহমান মল্লিক। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ২০২৬ সালের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। শিক্ষকসংখ্যা ৯২০ জন। শিক্ষার্থী প্রায় ২৫ হাজার। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন দেড় হাজারের বেশি।

হীরকজয়ন্তী ঘিরে নতুন সাজে চবি। ছবি: লেখক
হীরকজয়ন্তী ঘিরে নতুন সাজে চবি। ছবি: লেখক

১৪টি আবাসিক হলে সংকুলান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে ১৪টি আবাসিক হল। এগুলোর মধ্যে ছাত্রদের জন্য ৯টি এবং ছাত্রীদের জন্য ৫টি। ছাত্রদের হলগুলোর মধ্যে শহীদ ফরহাদ হোসেন হলে ৭৫০টি, শাহ আমানত হলে ৬৩২টি, শহীদ আবদুর রব হলে ৫০৯টি, শাহজালাল হলে ৪৭৫টি, সোহরাওয়ার্দী হলে ৩৭৫টি, অতীশ দীপঙ্কর হলে ৩১২টি, আলাওল হলে ২৬০টি, এ এফ রহমান হলে ২৫৮টি এবং মাস্টারদা সূর্য সেন হলে ১৭৬টি আসন রয়েছে। অন্যদিকে, ছাত্রীদের হলগুলোর মধ্যে বিজয়-২৪ হলে ৭৫০টি, প্রীতিলতা হলে ৫৩১টি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৫০৮টি, শামসুন নাহার হলে ৪৮১টি এবং মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রী অংশে ৩৯টি আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ৯৪২ জন শিক্ষার্থীর বিপরীতে আবাসন সুবিধা রয়েছে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর। বিপরীতে ৭৫ শতাংশ শিক্ষার্থীকে আবাসিক সুবিধার বাইরে থাকতে হচ্ছে। তাঁদের অধিকাংশই ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন কটেজ, মেস ও বাসাবাড়িতে ভাড়া থাকেন।

গবেষণায় অগ্রগতি ও বরাদ্দে সীমাবদ্ধতা

অর্থায়ন ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা সত্ত্বেও গবেষণায় অগ্রগতি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশনে উপাচার্য জানান, ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে শিক্ষকদের গবেষণা অনুদান হিসেবে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এমফিলসহ অন্য গবেষণায় রাখা হয়েছে ৬৭ লাখ টাকা। পিএইচডি ও মাস্টার্সের থিসিস গবেষণায়ও অর্থায়ন অব্যাহত রয়েছে।

পরবর্তী অর্থবছরের জন্য ইউজিসির কাছে ২৯ কোটি টাকা গবেষণা অনুদানের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব বাজেটে গবেষণা খাতে আলাদা বরাদ্দ রাখা হয়নি। ইউজিসির মাধ্যমে গবেষণার অর্থায়নে নতুন পদ্ধতি চালুর কারণে এ খাতের বরাদ্দ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে।

প্রকাশনার ক্ষেত্রে অবশ্য উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০২৫ সালে চবির গবেষকদের ৬১৫টি গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস-ইনডেক্সড সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এক বছরে এটিই সর্বোচ্চ প্রকাশনা। এর মধ্যে কয়েকটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট ও নেচার কমিউনিকেশনসের মতো আন্তর্জাতিক সাময়িকীতে।

গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে থিসিসভিত্তিক মাস্টার্স শিক্ষার্থীদের মাসে ১০ হাজার, এমফিল শিক্ষার্থীদের ২০ হাজার এবং পিএইচডি গবেষকদের ৪০ হাজার টাকা বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গবেষণার মানোন্নয়নে পুরস্কার, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে।

চবির সাবেক শিক্ষার্থী ও চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বলেন, গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করা প্রয়োজন। কারণ, বিশ্ববিদ্যালয় মূলত গবেষণার জায়গা। অথচ এই খাতে বরাদ্দ সবচেয়ে কম।

হীরকজয়ন্তী ঘিরে নতুন সাজে চবি। ছবি: লেখক
হীরকজয়ন্তী ঘিরে নতুন সাজে চবি। ছবি: লেখক

শাটল ট্রেনে স্বপ্নযাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে শাটল ট্রেন। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস হিসেবেও পরিচিত এটি। প্রতিদিন শহর থেকে ১০ হাজারের বেশি শিক্ষার্থী এই ট্রেনে যাতায়াত করেন। তবে শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় ভোগান্তিও কম নয়।

আসনসংকট, অতিরিক্ত যাত্রী, ছাদ ও বগির দরজায় ঝুঁকি নিয়ে ভ্রমণ, নির্ধারিত সময়ে ট্রেন না চলার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে ক্লাস ও পরীক্ষা শুরুর আগে অতিরিক্ত ভিড়ে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ২০২৬ সালের ১১ জুন একটি শাটল ট্রেনে নতুন ও সংস্কার করা ১০টি কোচ যুক্ত হলেও পরিবহন চাহিদার তুলনায় সংকট কাটেনি।

ক্যাম্পাসের ভেতরে ১ নম্বর গেট থেকে বায়োলজি অনুষদ পর্যন্ত চালু রয়েছে চক্রাকার বাসসেবা। তবে বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের সঙ্গে পর্যাপ্ত বাস যোগাযোগ না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। শিগগিরই শিক্ষার্থীদের জন্য আটটি নতুন বাস চালুর কথা রয়েছে। এই বিষয়ে চবির শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহর থেকে দূরে অবস্থিত বড় এই ক্যাম্পাসে যানবাহন সমস্যা বেশ প্রকট। এর সমাধান হওয়া প্রয়োজন।

চাকসু কতটা কার্যকর

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাত্র সাতবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। প্রথম নির্বাচন হয় ১৯৭০ সালে। ১৯৭৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিবছর চাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ২০২৫ সালের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় সর্বশেষ নির্বাচন।

ছয় দশকের অপেক্ষায় টিএসসি

প্রতিষ্ঠার ৬০ বছর পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এ জন্য ৪৯ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে প্রায় ১০ হাজার ৪৮০ বর্গমিটার জায়গায় পাঁচতলা ভবনটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত ভবনে থাকবে আধুনিক ডিজিটাল লাইব্রেরি, পাঠকক্ষ, বইয়ের দোকান, একাডেমিক বই ও গবেষণাসামগ্রী সংগ্রহের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য থাকবে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, এটিএম বুথ, প্রিন্টিং ও ফটোকপি সেবা এবং কনভেনিয়েন্স স্টোর।

একাডেমিক আলোচনা, সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য থাকবে লেকচার হল। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধায় র‍্যাম্প, প্রবেশগম্য লিফট ও উপযোগী শৌচাগারের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নামাজের কক্ষ, মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ২০০ কেভিএ জেনারেটর, দুটি যাত্রীবাহী লিফট ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা থাকবে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, টিএসসি চালু হলে প্রতিদিন প্রায় ২ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক সেবা নিতে পারবেন। বই ও গবেষণাসামগ্রী সংগ্রহে চট্টগ্রাম শহরের ওপর নির্ভরতা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২৯ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ছয় দশকে পাঁচ সমাবর্তন

ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলামের দায়িত্বকালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং ২০১৬ সালের ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন হয়। দীর্ঘ ৯ বছর পরে গণ-অভ্যুত্থান-পরবর্তী ২০২৫ সালের ১৪ মে অনুষ্ঠিত হয় পঞ্চম সমাবর্তন।

মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক, ১২ জন শিক্ষার্থী ও ৩ জন কর্মকর্তা শহীদ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী মোহাম্মদ হোসেনকে দেওয়া হয় বীর প্রতীক খেতাব। স্বাধীনতার পরও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামেও চবি শিক্ষার্থীদের অসামান্য অবদান রয়েছে।

হীরকজয়ন্তীর আয়োজন

১৮ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। উপাচার্যের নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মহামিলনমেলায় অংশ নিতে এরই মধ্যে সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। উৎসবে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন তুলে ধরা হবে। আলোচনা সভা, অ্যালামনাই এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের নিয়ে স্মৃতিচারণা, বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশসহ নানা আয়োজন থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত